খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার বিকেলে তোলা
খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার বিকেলে তোলা

খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নতুন কুঁড়ির দ্বিতীয় আসরে ১৪ লাখ ক্রীড়াবিদ অংশ নেবে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় নতুন কুঁড়ির দ্বিতীয় আসর উদ্বোধন করবেন। দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে ১৬ লাখ ২৩ হাজার জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। যেখানে প্রথম আসরে রেজিস্ট্রেশনের সংখ্যা ছিল মাত্র ১ লাখ ৬৮ হাজার। দ্বিতীয় আসরে রেজিস্ট্রেশন করা খেলোয়াড়দের নিয়ে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। এতে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ নতুন কুঁড়ির এই আসরে অংশগ্রহণ করবে।

রোববার বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) উদ্বোধনের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। আগামী বছরের মে অথবা জুন মাসে খেলার ফাইনাল রাউন্ড হওয়ার কথা আছে।

আমিনুল হক বলেন, ‘দেশের তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই নতুন কুঁড়ির এ আয়োজন। নতুন কুঁড়ির প্রথম আসরে বিজয়ী অনেক ক্রীড়াবিদ এখন বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছে। আমরা তাদের হারিয়ে যেতে দিতে চাই না; বরং তাদের প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে গড়ে তোলা ও পড়াশোনার দায়িত্ব সরকার বহন করবে। নতুন কুঁড়ির আয়োজনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন আসবে এবং খেলাধুলার মাধ্যমে দেশের সমাজ ব্যবস্থার পরিবর্তন সম্ভব হবে।’

খুলনা জেলা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ স্টেডিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে প্রণীত ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারি থেকে খুলনা জেলা স্টেডিয়াম, বিভাগীয় স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সারা বছর খেলাধুলা চলবে।

পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন।