সিলেটে সকাল থেকে সূর্যের দেখা নেই

ফাইল ছবি
ফাইল ছবি

সিলেটে আজ মঙ্গলবার ভোর থেকে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। বেলা বাড়লে মেঘ ও কুয়াশা কেটে গিয়ে সূর্যের দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকালে সিলেট জেলার কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির পরিমাণ পরিমাপ করা যায়নি। এর আগে গতকাল সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেটে ৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়।

আজ সকালে সিলেট নগরের সড়কগুলো কিছুটা ফাঁকা দেখা গেছে। যারা ঘর থেকে বের হয়েছেন, সবার শরীরেই আছে শীতের কাপড়।

সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটে গতকাল ৬২ দিন পর বৃষ্টি হয়েছে। যদিও পরিমাণে খুব বেশি ছিল না। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টির ফলে শীতের তীব্রতা কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে। গতকাল সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সকাল সিলেটে তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলিসিয়াস।

সিলেট আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শ্রীনিবাস দেবনাথ বলেন, আগামীকাল বুধবার থেকে আকাশে মেঘ ও বৃষ্টি কেটে যাবে। এতে তাপমাত্রার কিছুটা উন্নতি হবে। আজ ঘন কুয়াশা এবং মেঘের কারণে আকাশে সূর্যের দেখা পাওয়া যায়নি।