প্রশাসনের লোক আমাদের ওপর বেশি অত্যাচার করছেন: বরকতউল্লা বুলু

সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। সোমবার বিকেলে মাগুরা শহরের ইসলামপুর পাড়ায়
 ছবি: প্রথম আলো

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, ‘আওয়ামী লীগের চাইতে প্রশাসনের লোকজন বেশি আওয়ামী লীগ। তাঁরাই আমাদের ওপর বেশি অত্যাচার করছেন। আওয়ামী লীগের চাইতে পুলিশ বেশি আমাদের ওপর চড়াও হচ্ছে। তারা (পুলিশ ও প্রশাসন) আমাদের সভা করতে দেয় না।’ আজ সোমবার বিকেলে মাগুরা শহরের ইসলামপুর পাড়ায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা হয় সভায়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আহসান হাবীবের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যরা।

রাষ্ট্রকাঠামো মেরামতের যৌক্তিকতা তুলে ধরে বরকতউল্লা বুলু বলেন, ‘আজকে যাঁরা পুলিশে আছেন, প্রশাসনে আছেন, যাঁরা জুডিশিয়ারিতে আছেন, তাঁরা লেখাপড়ার যোগ্যতার মাধ্যমে এই সমস্ত পদে আসেননি। তাঁরা একটি দলের প্রতি আনুগত্য ছাত্রজীবনে বিভিন্ন সময়ে করেছেন, পরিবারবর্গ (নির্দিষ্ট দলের) থেকে এসেছেন। তাঁরাই আজ রাষ্ট্র পরিচালনা করছেন।’

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সব ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান দলীয়করণ করেছে বলে মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তিনি আরও বলেন, সরকার জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করেছে। এ কারণেই রাষ্ট্রীয় সংস্কার জরুরি।

আলোচনা সভায় স্থানীয় নেতা-কর্মীদের সামনে আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা তুলে ধরে বিশ্লেষণধর্মী বক্তব্য দেন নেতারা। এসব বিষয় তৃণমূল কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান নেতারা।