
গোপালগঞ্জের মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সালিনাবক্সা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জান যায়, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের সালিনাবক্সা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
আহত যাত্রী সুমন মোল্লা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, ‘বাসটির চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।’
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিলয় রঞ্জন বল্লাভ জানান, দুর্ঘটনার পর আহত ২০ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।