
ফেনীতে একটি ওয়ান শুটারগান, দুটি কার্তুজসহ এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব। গতকাল বুধবার রাত সাড়ে আটটায় ফেনী-ছাগলনাইয়া সড়কের ফলেশ্বর সড়কের মাথায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইয়াছিন (৩৮)। তিনি ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ফলেশ্বর গ্রামের বাসিন্দা। অবশ্য যুবলীগ বলছে, মো. ইয়াছিন নামের ৬ নম্বর ওয়ার্ডে তাদের কোনো কর্মী নেই।
র্যাব-৭ ফেনী ক্যাম্প সূত্র জানায়, গতকাল রাতে ফেনী-ফুলগাজী সড়কের ফেনী পৌরসভার ফলেশ্বর এলাকায় কিছু লোক মাদকদ্রব্য কেনাবেচার জন্য অবস্থান করছেন, এমন খবরের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান। একজনের হাতে ব্যাগ দেখে সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করে ব্যাগ তল্লাশি করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ব্যাগের ভেতর থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইয়াছিন বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত।
ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, মো. ইয়াছিন নামে ৬ নম্বর ওয়ার্ডে যুবলীগের কোনো কর্মী নেই।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দিয়েছেন। পরে তাঁকে ফেনী থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।