আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ্ আল কায়সার
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ্ আল কায়সার

নারায়ণগঞ্জে মহাসড়কে মিছিল করায় আওয়ামী লীগ প্রার্থীকে শোকজ

আচরণবিধি লঙ্ঘন করে মহাসড়কে নির্বাচনী প্রচার মিছিল বের করায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের আওয়ামী লীগ–দলীয় প্রার্থী আব্দুল্লাহ্ আল কায়সারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন। সরকারি সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ আট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার রাতে নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ মোহসিনা ইসলাম এ কারণ দর্শানোর নোটিশ দেন। ২৪ ডিসেম্বর সশরীর অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া অন্য ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন, পিরোজপুর ইউপির চেয়ারম্যান মাসুদুর রহমান, বৈদ্যের বাজার ইউপির চেয়ারম্যান আলামিন সরকার, সনমান্দি ইউপির চেয়ারম্যান জাহিদ হাসান, সাদিপুর ইউপির চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা, কাঁচপুর ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন, জামপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির, বারদী ইউপির চেয়ারম্যান মাহবুবুর রহমান ও মোগড়াপাড়া ইউপির চেয়ারম্যান আরিফ মাসুদ।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী আব্দুল্লাহ্ আল কায়সার ১৯ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিছিল বের করেন। সেখানে শতাধিক মোটরসাইকেল নিয়ে তাঁর অনুসারীরা অংশ নেন। এ কারণে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এমন কর্মকাণ্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮–এর ৬(ঘ) ও ৮(ক) বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে সংবাদমাধ্যমে প্রচারিত খবর নির্বাচন কমিশনের গঠন করা নির্বাচন অনুসন্ধান কমিটির নজরে এসেছে।

অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান বাবুল হোসেনকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেনের নির্বাচন পরিচালনা সমন্বয়কারী মাহমুদুল হাসান ১৯ ডিসেম্বর লিখিত অভিযোগ করেন নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে। সেখানে তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকার বিভাগের জারি করা নির্দেশনা লঙ্ঘন করে সামসুল ইসলাম ও বাবুল হোসেন আওয়ামী লীগ–দলীয় প্রার্থীর পক্ষে নিজ পদবি ও কার্যালয়, সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। অন্য আট ইউপির চেয়ারম্যানকেও একইভাবে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চিঠি দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা মেনে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে হবে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন অনুসন্ধান কমিটি তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিলে এর ব্যাখ্যা দিতে হবে।