
নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামকে (মাসুম) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর থেকে গ্রেপ্তার করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মাহবুর বলেন, গতকাল সন্ধ্যার পর পাবনার রূপপুর এলাকায় রিয়াজুল ইসলামকে ঘোরাফেরা করতে দেখেন নাটোরের কিছু লোক। তাঁরা বিষয়টি নাটোর সদর থানা–পুলিশকে জানান। তখন পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। রিয়াজুলের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা–নির্যাতন, হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
রিয়াজুল নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামের (শিমুল) ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রিয়াজুল ইসলামের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর থেকে তিনি পালিয়ে ছিলেন। তবে ফেসবুকে সরব ছিলেন ছাত্রলীগের এই সাবেক নেতা।