ব্যবসায়ী জাফর আহমেদ
ব্যবসায়ী জাফর আহমেদ

বাড়িতে সন্ত্রাসীদের গুলি

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে সন্ত্রাসীদের অভ্যাস খারাপ করেছে’—২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি ছোড়ার পর এভাবেই নিজের অবস্থান জানালেন ব্যবসায়ী জাফর আহমেদ। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকার বাসায় প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

৭৪ বছর বয়সী জাফর আহমেদ ৪০ বছর প্রবাসে ছিলেন। এখন তিনি জায়গা কেনাবেচার ব্যবসা করেন।

জাফর আহমেদের অভিযোগ, ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে তাঁর বাড়ি লক্ষ্য করে ৮ থেকে ১০টি গুলি ছোড়েন মোটরসাইকেলে আসা পাঁচ অস্ত্রধারী। প্রায় ১০ মাস আগে সন্ত্রাসী মো. রায়হান তাঁকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই সময় স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে ছিলেন জাফর। তখনই চাঁদা দিতে অস্বীকৃতি জানান তিনি।

জাফর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘লোকজন টাকা দিয়ে সন্ত্রাসীদের অভ্যাস খারাপ করে ফেলেছে। আমি এক টাকাও দেব না।’ তাঁর ভাষ্য, গত বুধবার আবার ফোন করে রায়হান বলেন, ‘টাকা রেডি হয়েছে। টাকা দিবা, নাকি মরবা?’ জবাবে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এরপর কয়েকবার ফোন করেন রায়হান।

জাফর আহমেদ বলেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ গুলির শব্দ শুনতে পান। এতে ভবনের জানালার কাচ ভেঙে যায়। যে কক্ষে গুলি লাগে, সেখানে তখন পরিবারের কেউ ছিলেন না। তাঁর ছেলের স্ত্রী ঢাকায় থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘর থেকে বের হলেও ভয়ে কেউ এগিয়ে আসেননি।

জাফরের অভিযোগ, গুলি করার প্রায় ১০ মিনিট পর রায়হান আবার ফোন করেন। তখন তিনি বলেন, ‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব।’ এ সময় কাফনের কাপড়ও তৈরি করে রাখতে বলেন রায়হান। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসে।

আজ দুপুরে ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা যায়। তবে ঘটনা সম্পর্কে কেউ প্রকাশ্যে কথা বলতে চাননি। ভবনটির পাশের একটি দোকানের এক কর্মচারী প্রথম আলোকে বলেন, হঠাৎ গুলির শব্দ শুনে তাঁরা দোকান থেকে বের হন। তখন অস্ত্রধারীরা তাঁদের উদ্দেশে বলেন, ‘কেউ বের হলেই গুলি করব।’

দোকানটির এক ব্যক্তি জানান, দুটি মোটরসাইকেলে পাঁচজন এসেছিলেন। তাঁদের দুজন সামনে ছিলেন, পেছনে থাকা তিনজন গুলি করেন। তাঁরা পরপর ৭ থেকে ১০টি গুলি ছোড়েন।

ঘটনাস্থলে দেখা যায়, জাফর আহমেদের মালিকানাধীন ভবনের দোতলার জানালার কাচ গুলিতে ভেঙে গেছে। কয়েকটি জায়গায় ফুটোও হয়েছে। গুলি ছুড়ে অস্ত্রধারীরা আতুরার ডিপোর দিকে চলে যান। তাঁরা ওই দিক থেকেই এসেছিলেন বলে স্থানীয় লোকজন জানান। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় ভবন ও দোকানপাট রয়েছে। সেখানে প্রকাশ্যে এসে গুলি ছোড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গুলিতে ভেঙে যায় বাড়ির জানালার কাচ। আজ দুপুরে

ঘটনাস্থলে আসা বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী রায়হানের সহযোগীরা এ ঘটনায় জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেন তিনি। চাঁদা না পেলে তাঁর সহযোগীরা গুলি করেন বলেও অভিযোগ রয়েছে।

বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী রায়হান। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে যুক্ত এবং স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট চেনেন বলে নিজের অবস্থান গোপন রাখতে পারছেন রায়হান। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না।

এর আগে ৯ নভেম্বর নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় পাঁচ অস্ত্রধারী প্রকাশ্যে গুলি করেন ইমতিয়াজ সুলতান নামের এক যুবককে। তাঁর কোমর ও পায়ে গুলি লাগে। এ সময় ঘটনাস্থলের পাশের একটি ভবনে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান তিনি। এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ ইমতিয়াজ একসময় বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন তিনি। দুই মাস আগে জামিনে মুক্তি পান। বড় সাজ্জাদের আরেক সহযোগী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গত বছরের ১৬ মার্চ ঢাকা থেকে পুলিশকে ধরিয়ে দেওয়ায় ইমতিয়াজকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী রুমা আক্তার।