দুর্বৃত্তের হামলায় নিহত মিজানুর রহমান
দুর্বৃত্তের হামলায় নিহত মিজানুর রহমান

সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় আহত তরুণের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈদের আগের রাতে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় আহত তরুণ ঘটনার ১৪ ঘণ্টা পর মারা গেছেন। গতকাল শনিবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তরুণের নাম মিজানুর রহমান (২৬)। তিনি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হাতিয়ারকুল এলাকার মদন মৌলভিবাড়ির মৃত আবদুর রহিমের ছেলে এবং দুই সন্তানের বাবা।

স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত তরুণের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মিজান চট্টগ্রাম নগরে ফুটপাতে ব্যবসা করতেন। গত শুক্রবার রাতে তিনি স্ত্রী, দুই সন্তানসহ লোহাগাড়ার আমিরাবাদ বাজার থেকে ঈদের কেনাকাটা করে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন। রাত ১০টার দিকে অটোরিকশাটি হাতিয়ারপুল বাজার পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা মিজানকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর রাত দেড়টার দিকে স্থানীয় লোকজন সোনাকানিয়া ইউনিয়নের বোর্ড অফিস–সংলগ্ন এলাকায় তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

সাতকানিয়া থানার ওসি মনজুরুল হক প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জেরে মিজানুরের ওপর হামলা হয়েছে বলে মনে হচ্ছে। তাঁকে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।