অটোরিকশার একচেটিয়া দৌরাত্ম্য বন্ধ করতে বাস সার্ভিস দরকার বলে জানান নগরবাসী। তবে অটোরিকশাচালকদের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে।

রাজশাহী নগরে ভাড়া বৃদ্ধির দাবিতে দুই দিন অটোরিকশার অঘোষিত ধর্মঘট চলে। ওই সময় শহরজুড়ে ৩০টি বাস নামানো হয়। নগরবাসীর দুর্ভোগ কমাতে ‘সিটি সার্ভিস’ নামে এই উদ্যোগ নেয় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাস চালু রাখার দাবি জানিয়েছেন নগরবাসী। এতে অটোরিকশার একচেটিয়া দৌরাত্ম্য বন্ধ হবে বলে মনে করেন তাঁরা।
রাজশাহী সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, রাজশাহী নগরে বর্তমানে ৫ হাজার লাইসেন্সধারী রিকশা ও ১০ হাজার অটোরিকশা রয়েছে। তবে এর বাইরেও অনেক অটোরিকশা চলে। বিপুল পরিমাণ গাড়ির সমাগমে শহরের বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত যানজট বেড়ে চলেছে। যানজটের আরেক কারণ হলো, অটোরিকশার যত্রতত্র পার্কিং।
নগরের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর ফেব্রুয়ারিতে হঠাৎ ভাড়া বৃদ্ধির দাবিতে শহরে ধর্মঘট করে অটোরিকশা চালক শ্রমিক সংগঠন। এবার সংগঠনগুলোর পক্ষ থেকে ঘোষণা না দিলেও গত রবি ও সোমবার শহরজুড়ে ধর্মঘট পালন করেন অটোরিকশার চালক-মালিকেরা। এতে চরম বিপাকে পড়েন নগরবাসী। দ্বিগুণ রিকশাভাড়া দিয়ে নগরবাসী সেদিন যাতায়াত করেন। সোমবার দুপুরের পর কিছুটা ‘স্বস্তি’ এনে দেয় সিটি সার্ভিস বাসগুলো। তাঁরা চান এখানে বাস সার্ভিস চালু হোক। অটোরিকশার একচেটিয়া দৌরাত্ম্য বন্ধ করতে শিগগিরই এখানে বাস সার্ভিস দরকার। তবে অটোরিকশাচালকদের জন্য কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা করার কথা বলেন তাঁরা।
নগরের তালাইমারী এলাকার বাসিন্দা আবদুর রহিম রাজশাহী কোর্ট এলাকায় চাকরি করেন। তিনি বলেন, শহরের বড় রাস্তাগুলোতে এখন অটোরিকশার রাজত্ব চলছে। তাঁরা যত্রতত্র গাড়ি থামান, হর্ন দেন। চালক হিসেবে তাঁদের কোনো প্রশিক্ষণ নেই। সিটি করপোরেশন শুধু টাকার বিনিময়ে লাইসেন্স দিয়ে তাঁদের রাস্তায় ছেড়ে দিয়েছে। তিনি চান, শহরে দূরবর্তী যাত্রীদের জন্য বাস চলুক, অটোরিকশাও থাকুক।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীতে আশির দশকে ‘টাউন সার্ভিস’ নামে বাসসেবা চালু করা হয়। সে সময় বাসগুলো রাজশাহী নগরের উপকণ্ঠ কাটাখালী ও নওহাটা এলাকা থেকে রাজশাহী কোর্টে গিয়ে নামিয়ে দিত যাত্রীদের। তবে অলাভজনক হওয়াতে তা বন্ধ হয়ে যায়। ২০০০ সালের পরও একবার চালুর চেষ্টা করা হয়েছিল।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক বলেন, তাঁরা সিটি সার্ভিস বাসসেবা দিতে প্রস্তুত আছেন। এ বিষয়ে তাঁদের সঙ্গে সিটি করপোরেশনের প্রাথমিক আলাপও হয়েছে। তবে এটা হঠাৎ চালু করার বিষয় নয়। এ জন্য কিছু বিষয় আগে থেকে নির্ধারণ করতে হবে।
রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বলেন, অতিরিক্ত অটোরিকশার কারণে শব্দদূষণ হচ্ছে। তবে বাস সার্ভিস হঠাৎ চালু করলেই হবে না। প্রথমে বাস চলাচলের রুট নির্ধারণ করতে হবে। কোন কোন জায়গায় বাসগুলো থামবে, সেসব জায়গাতে যাত্রীদের অপেক্ষার জন্য যাত্রীছাউনি নির্মাণ করতে হবে। দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করে সিটিং সার্ভিস চালু করতে হবে।
জেলা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি আহমেদ শফি উদ্দিন বলেন, রাজশাহী নগরে পরিকল্পিতভাবে বাস সার্ভিস চালু হতে পারে। তবে কর্মসংস্থানের পর্যাপ্ত ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধ করা হবে আত্মঘাতী।
রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ইজিবাইক-অটোরিকশা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক সরিফুল ইসলাম বলেন, তাঁরাও চান সিটি সার্ভিস বাস চলুক। এতবে অটোরিকশা চাইলেই তাঁরা বন্ধ করতে পারেন না। তবে সিটি সার্ভিসের কথা মাথায় আছে তাঁদের।