
অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে আটকে গিয়েছিল বাছুরটি। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার, নড়াচড়াও ঠিকমতো করতে পারছিল না। মাঝেমধ্যে শুধু গোঁ গোঁ শব্দ করে যাচ্ছিল। এলাকার এক ব্যক্তির ফোন পেয়ে এগিয়ে আসে ফায়ার সার্ভিস। ঘণ্টাখানেকের চেষ্টায় বাছুরটি উদ্ধার হলে সবার মুখে হাসি ফোটে। গতকাল বুধবার রাত ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার গোলাহাট কবরস্থান গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শাকিল বাবু বলেন, গোলাহাট কবরস্থান গেট এলাকার সাইরুন (৪৫) নামের এক নারীর বাছুর একই এলাকার আকবর আলীর সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে এলাকার এক ব্যক্তি সৈয়দপুর ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা এসে বাছুরটিকে উদ্ধার করেন। বাছুরটি ফিরে পেয়ে খুশি সাইরুন।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ‘গতকাল রাত সাড়ে ১০টার দিকে গোলাহাট কবরস্থান গেট এলাকায় সেপটিক ট্যাংকে বাছুর পড়ে যাওয়ার সংবাদ পাই। তাৎক্ষণিক আট কর্মী নিয়ে ঘটনাস্থলে যাই। পরে এক ঘণ্টার চেষ্টায় আমরা বাছুরটি জীবিত উদ্ধার করতে সক্ষম হই।’