
কুষ্টিয়ার দৌলতপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন কিশোরকে আটক করেছেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের ওয়াদ মালিথা (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওয়াদ মালিথা বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় খলিশাকুন্ডির দিকে যাওয়া একটি মোটরসাইকেলে চার কিশোর দ্রুতগতিতে যাচ্ছিল। একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা ওয়াদ মালিথাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর পালিয়ে যায় মোটরসাইকেলের কিশোর চালক। তবে আরোহী অপর তিন কিশোরকে আটক করে পুলিশে দেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে। স্থানীয় লোকজনের দাবি, আটক ও পলাতক কিশোরেরা পার্শ্ববর্তী ভেড়ামারা গ্রামের বাসিন্দা।
এ ঘটনাকে কেন্দ্র করে ঘোড়ামারা ও ভেড়ামারা গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি খালিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।