
পাবনার বেড়া উপজেলায় এক বখাটের মারধরের পর কলেজছাত্রী সুস্মিতা খাতুনের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সুস্মিতার বাবা জাইদুল হোসেন বাদী হয়ে অভিযুক্ত তরুণ আশিক হোসেনকে (২০) আসামি করে মামলা করেছেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি বেশ দুঃখজনক ও স্পর্শকাতর। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আশিককে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাঁর বাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। কিন্তু বাড়িতে কেউ নেই। তবে শিগগিরই আমরা তাঁকে ধরে ফেলতে পারব বলে আশা করছি।’
এর আগে গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে নিজ ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুস্মিতা খাতুনে লাশ উদ্ধার করেন স্বজনেরা। গতকাল দুপুরে কলেজ যাওয়ার পথে সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের আশিক হোসেন নামের এক তরুণ সুস্মিতার পথ রোধ করে তাঁকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পরই সুস্মিতার লাশ উদ্ধার করা হয়। সুস্মিতা বেড়া সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও বেড়া পৌর এলাকার মৈত্রবাঁধা মহল্লার চা–দোকানি জাইদুল হোসেনের মেয়ে।
স্বজন ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত আশিক সরকারি বেড়া কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেন। এরপর তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে মাঝেমধ্যে তাঁতের কাজ করতেন। তাঁর বাবা মিন্টু মিয়া কখনো দিনমজুর, আবার কখনো তাঁতশ্রমিকের কাজ করেন। বছরখানেক আগে মুঠোফোনে সুস্মিতার সঙ্গে আশিকের পরিচয় হয়। একপর্যায়ে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। তবে মাস তিনেক আগে আশিকের বখাটেপনা ও নানা অনৈতিক কর্মকাণ্ডের খবর জানতে পেরে সুস্মিতা যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন আশিক। বিভিন্নভাবে সুস্মিতাকে হুমকি দিয়ে আসছিলেন তিনি।
সুস্মিতার লাশ উদ্ধারের পর থেকে আশিক ও তাঁর বাড়ির লোকজন পালিয়ে গেছেন। আজ সকালে উপজেলার সোনাতলা ভাটুপাড়া গ্রামে আশিকদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। চারজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেল থেকে ওই বাড়িতে কেউ নেই। এখন ওই বাড়ি তালা ঝুলছে।
স্থানীয় নাগডেমড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘এমন দুঃখজনক ঘটনার জন্য আমার এলাকার লোকজনও মর্মাহত। ঘটনার পর থেকে আশিকসহ তাঁর বাড়ির সবাই পলাতক। আশিক সম্পর্কে প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানতে পেরেছি, সে বখাটে প্রকৃতির।’