সোনাগাজীতে বিএনপির সমাবেশস্থলে কর্মসূচি ঘোষণা ছাত্রলীগের

ফেনী জেলার মানচিত্র
ফেনী জেলার মানচিত্র

ফেনীর সোনাগাজীতে আগামীকাল সোমবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে একই স্থানে পৌর ছাত্রলীগ সভা ডাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের জিরো পয়েন্ট থেকে এনায়েত শপিং কমপ্লেক্স পর্যন্ত এলাকায় অনুমতি চেয়ে সমাবেশের প্রস্তুতি গ্রহণ করা হয়। কিন্তু গতকাল শনিবার বিকেলে হঠাৎ জরুরি সভা ডেকে একই স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছে পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগ।

বিএনপির নেতা-কর্মীরা বলছেন, জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে দুই দলীয় নেতাকে হত্যার প্রতিবাদে আগামীকাল বিকেলে সোনাগাজী পৌর শহরে বিক্ষোভ সমাবেশ হবে। তবে দলীয় নেতা-কর্মীরা যেকোনো মূল্যে বিএনপির সমাবেশকে সফল করতে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নিয়েছেন।

উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, সাত-আট দিন আগে বিএনপির পক্ষ থেকে পৌর শহরে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ সফল করতে তাঁরা প্রস্তুতি সভা করে সব ধরনের প্রস্তুতিও নিয়েছেন। সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন। কিন্তু শনিবার বিকেলে হঠাৎ উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচিকে বানচাল করতে কর্মসূচি দিয়েছে।

এদিকে শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর শহরের পশ্চিম বাজারসংলগ্ন মাঠে ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল সফল করতে প্রস্তুতি সভা হয়েছে। এ বিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, আগস্ট মাস শোকের মাস। তাই ছাত্রলীগের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার সকাল ১০টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে। তিনি দাবি করেন, একই দিন বিএনপির পক্ষ থেকে পৌর শহরে ডাকা সভার বিষয়ে তিনি কিছু জানেন না।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, বিএনপির পক্ষ থেকে পৌর শহরে সমাবেশ করার জন্য পুলিশের কাছে কোনো ধরনের অনুমতি চাওয়া হয়নি। তবে শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের নেতা-কর্মীরা পশ্চিম বাজারে সভা করার জন্য অনুমতি চেয়ে একটি আবেদন দিয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে তাঁদের ছাড় দেওয়া হবে না।