সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় পড়ে যাওয়ার পর চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী মোল্যা (৮৫)। তিনি অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের বাসিন্দা।

একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ জানায়, আজ দুপুরে ইয়াকুব সরখোলা থেকে নওয়াপাড়া বাজারে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় যশোর-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। ওই সময় যশোর থেকে খুলনাগামী একটি খালি ট্রাক ইয়াকুবকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে মহাসড়কের ওপর পড়েন। এরপর ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ ঘটনার পর উপস্থিত জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ট্রাকটি আটক করে চালককে ধরে মারধর করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম বলেন, ট্রাকটি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।