প্রতিবেশীর মিটসেফে শিশুর বস্তাবন্দী লাশ

লাশ
প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে নিখোঁজের ছয় ঘণ্টা পর প্রতিবেশীর বাড়ির মিটসেফের ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় সায়মা জাহান (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবপুরের যোশর ইউনিয়নের যোশর বাজার এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। গতকাল বেলা একটা থেকে সায়মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এ ঘটনায় ওই বাড়ির বাসিন্দা মো. হানিফ (৪০) ও তাঁর স্ত্রী শেলী বেগমকে (৩০) আটক করেছে পুলিশ। নিহত সায়মা জাহান একই এলাকার সারোয়ার জাহানের মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ বলছে, আটক দম্পতি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সায়মাকে শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তায় ভরে মিটসেফের ভেতর লুকিয়ে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।

নিহত শিশুর পরিবারের সদস্যরা বলেন, গতকাল দুপুরে সায়মা নিজ বাড়ির আঙিনায় একাই খেলছিল। তবে বেলা একটার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশের সব বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে বিকেলে এলাকায় মাইকিং করা হয়। পরে সায়মার পরিবারের লোকজন বিষয়টি শিবপুর থানার পুলিশকে জানায়। খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ ওই বাড়িতে তদন্তে আসে।

ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশ আশপাশের বিভিন্ন বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় হানিফ ও শেলীর কথাবার্তা সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁদের বাড়িতে তল্লাশি চালায়। সন্ধ্যা সাতটার দিকে ওই বাড়ির মিটসেফের ভেতর একটি বস্তা থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

সায়মার বাবা বলেন, ‘আমাদের বাড়ি থেকে ওই বাড়ি ৩০ গজ দূরে। ওই প্রতিবেশীর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কেন তারা এই ক্ষতি করল, আমরা জানি না।’

এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে রাতেই নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেজবাহ আহমেদ ও শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দম্পতি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। লাশটি আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিস্তারিত জানতে ওই দম্পতিকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।