যানবহন না পেয়ে হেঁটে বাড়ি ফিরছেন মুসলিমা বেগম ও তাঁর মা সরু বেগম। গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে পাচুড়িয়া এলাকায় পাশে
যানবহন না পেয়ে হেঁটে বাড়ি ফিরছেন মুসলিমা বেগম ও তাঁর মা সরু বেগম।  গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে পাচুড়িয়া এলাকায়  পাশে

গোপালগঞ্জে গাড়ি বন্ধ

অস্ত্রোপচার করা মা হেঁটে বাড়ি ফিরছেন, নানির কোলে সাত দিনের নবজাতক

সড়কের পাশে ধীরে ধীরে হাঁটছেন ষাটোর্ধ্ব সরু বেগম। তাঁর কোলে কাপড়ে মোড়ানো কিছু একটা। দূর থেকেই বোঝা যাচ্ছিল, তিনি খুব সাবধানে সেটি আগলে রেখেছেন। কাছে যেতেই দেখা গেল, কোলে সাত দিন বয়সী এক নবজাতক।

সরু বেগমের পেছনে পেটে হাত চেপে ধরে ধীরে ধীরে হাঁটছেন মেয়ে মুসলিমা বেগম। অস্ত্রোপচারের মাত্র সাত দিন পর সেলাই কাটিয়ে বাড়ি ফিরছেন তিনি। যানবাহন না পেয়ে বাধ্য হয়ে হেঁটে যেতে হচ্ছে তাঁদের।

আজ রোববার সকালে গোপালগঞ্জ শহরের গেটপাড়ার একটি ক্লিনিকে এসেছিলেন মুসলিমা ও তাঁর মা সরু বেগম। বাড়ি ফেরার জন্য কোনো যানবাহন পাননি। তাই হাঁটতে শুরু করেন তাঁরা। মা কোলে নিয়েছেন নবজাতককে, আর মুসলিমা পেটে হাত চেপে ধীরে ধীরে পা ফেলছেন। একটু দ্রুত হাঁটলেই সেলাইয়ের জায়গায় ব্যথা হচ্ছে তাঁর।

মুসলিমা বেগম (৩৫) গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের মানিকদাহ গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী। আমিনুল পেশায় রাজমিস্ত্রি। পাচুড়িয়া এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের পাশে মুসলিমার সঙ্গে কথা হয়। ২২ নভেম্বর শহরের গেটপাড়ার একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম দেন তিনি। ২৫ নভেম্বর তাঁকে বাড়িতে নেওয়া হয়। ক্লিনিক থেকে ছাড়ার সময় চিকিৎসক তিন দিন পর সেলাই কাটার পরামর্শ দিয়েছিলেন। সে অনুযায়ী আজ সকালে মাকে সঙ্গে নিয়ে ক্লিনিকে আসেন তিনি।

মুসলিমা বলেন, সেলাই কাটার পর বাড়ি ফেরার জন্য কোনো গাড়ি পাননি। হাঁটতে গিয়ে পেটে ব্যথা হচ্ছে। কিন্তু উপায় না থাকায় হাঁটতে হচ্ছে। তাঁর মা সরু বেগম নবজাতককে কোলে নিয়ে হাঁটছেন। মেয়ের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত তিনি। একদিকে সদ্য অস্ত্রোপচার করা মেয়ে, অন্যদিকে সাত দিনের নাতি—দুজনকে সামলে পথ চলতে হচ্ছে তাঁকে।

স্ত্রীর জন্য জরুরি ওষুধ নিতে বের হয়েছি। পথে কোনো যানবাহন না পেয়ে অনেকটা পথ হেঁটে যেতে হচ্ছে। ইজিবাইক পেলেও ভাড়া বেশি দিতে হচ্ছে।
মোশারফ হোসেন , ভুক্তভোগী

শুধু প্রসূতি মা কিংবা নবজাতক নয়, জরুরি চিকিৎসার প্রয়োজনে বের হওয়া রোগী ও তাঁদের স্বজনেরাও পড়েছেন ভোগান্তিতে। গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের সড়কে দেখা যায়, হাতে দুটি ব্যবস্থাপত্র নিয়ে হেঁটে যাচ্ছেন ৬৮ বছর বয়সী মোশারফ হোসেন। তাঁর বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে।

কথা বলে জানা যায়, মোশারফ হোসেনের স্ত্রী মমতাজ বেগম হাঁপানিতে ভুগছেন। খুলনা ও গোপালগঞ্জের চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন তাঁরা। স্ত্রীর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে মক্সাক্লেভ ওষুধ প্রয়োজন। সেই ওষুধ সংগ্রহের জন্য বের হয়েছেন মোশারফ। কিন্তু লকডাউনে যানবাহন না থাকায় কখনো হেঁটে, কখনো ব্যাটারিচালিত ভ্যানে দ্বিগুণ ভাড়া দিয়ে অর্ধেক পথ এসেছেন। বাকি পথ হেঁটেই যেতে হচ্ছে।

মোশারফ হোসেন বলেন, ‘স্ত্রীর জন্য জরুরি ওষুধ নিতে বের হয়েছি। পথে কোনো যানবাহন না পেয়ে অনেকটা পথ হেঁটে যেতে হচ্ছে। ইজিবাইক পেলেও ভাড়া বেশি দিতে হচ্ছে।’ অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ নিয়ে দ্রুত বাড়ি ফিরতে চান তিনি।

স্ত্রীর জন্য ওষুধ কিনতে এসেছেন মোশারফ হোসেন

একই ধরনের ভোগান্তিতে পড়েন মোল্লাহাটের কালপুর গ্রামের ডলি বেগম। এক ভাইয়ের স্ত্রীর অস্ত্রোপচারের জন্য গোপালগঞ্জে এসেছিলেন তিনি। তাঁদের ক্লিনিকে রেখে বাড়ি ফিরছেন ডলি বেগম। কিন্তু যানবাহন না পেয়ে বাড়ি ফেরার পথে বিপাকে পড়েন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির প্রথম দিন আজ সকাল থেকেই গোপালগঞ্জে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। জেলার প্রধান সড়ক, মহাসড়ক ও বিভিন্ন আঞ্চলিক সড়কে গাছ, গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করায় যান চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার ও আন্তজেলা বাস চলাচল বন্ধ। দোকানপাটও অধিকাংশ বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির প্রথম দিন আজ সকাল থেকেই গোপালগঞ্জে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। জেলার প্রধান সড়ক, মহাসড়ক ও বিভিন্ন আঞ্চলিক সড়কে গাছ, গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করায় যান চলাচল বন্ধ রয়েছে।

সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শহর ও বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, সড়কগুলো প্রায় জনশূন্য। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিক্ষোভ করতে দেখা গেছে। অবরোধের কারণে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা ভোগান্তিতে পড়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদেরও পরীক্ষাকেন্দ্রে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

যানবাহন বন্ধ থাকায় অনেকে বাধ্য হয়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন। কেউ কেউ বিকল্প যানবাহনে বেশি ভাড়া দিয়ে যাতায়াত করছেন। বিশেষ করে অসুস্থ রোগী, সদ্য অস্ত্রোপচার করা নারী, বয়স্ক মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগ বেশি। জরুরি চিকিৎসা, ওষুধ সংগ্রহ কিংবা পরীক্ষায় অংশ নেওয়ার মতো প্রয়োজনেও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ৫৬ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার ও ২ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।