
কেউ বিশ্ববিদ্যালয়ের, আবার কেউ কলেজের শিক্ষার্থী। তাঁরা গড়েছেন ছিনতাই চক্র। ভারতীয় টেলিভিশন সিরিয়াল ‘ক্রাইম পেট্রল’ দেখে রপ্ত করেছেন ছিনতাইয়ের কৌশল। সেই কৌশলেই ছিনতাই করছিলেন তাঁরা। পুলিশ অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার দুপুরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।
গ্রেপ্তার তিনজন হলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও ঈশ্বরদী উপজেলার তরুণ লিখন হাসান (২৪), পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র ও রাজশাহীর কাশিয়াডাঙ্গা উপজেলার মিয়াপুর সুতাইহাটি গ্রামের তরুণ মোহাম্মদ আবদুল্লাহিল বাকী (২২) ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রত্যাশী পাবনা জেলা শহরের চরতারাপুর ইউনিয়নের ভাদুরিয়া গ্রামের তরুণ আবুল বাশার (২১)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ১০ জানুয়ারি চক্রটি মেডিকেল রিপ্রেজেনটেটিভ পরিচয় দিয়ে শহরের একটি বাসায় প্রবেশের চেষ্টা করে। তাঁদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বাড়ির লোকজন মুঠোফোনে ভিডিও ধারণ শুরু করেন। পরে তাঁরা সেখান থেকে সটকে পড়েন। ১১ জানুয়ারি দুপুরে শহরের বড় বাজার এলাকার আরেকটি বাড়িতে যান চক্রটির সদস্যরা। সেখানে কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে তাঁরা বাসায় প্রবেশ করেন। এরপর বাড়িতে থাকা গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে সটকে পড়েন তাঁরা।
পুলিশ জানায়, দুটি ঘটনা জানার পর চক্রটি ধরতে অভিযান শুরু হয়। এরপর তথ্যপ্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাঁদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৩১ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
পুলিশ কর্মকর্তা মাসুদ আলম আরও বলেন, গ্রেপ্তার সবাই মেধাবী ও বিচক্ষণ। আইটি বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ভারতীয় টিভি সিরিয়াল ‘ক্রাইম পেট্রল’ দেখে তাঁরা ছিনতাইয়ের কৌশল রপ্ত করেছেন। এরপর ছিনতাই করছিলেন। তাঁদের আরও কিছু ছিনতাই পরিকল্পনা ছিল।