
পরিবারের স্বপ্নপূরণে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে যেতে চেয়েছিলেন দুই ভাই। সেই অনুযায়ী সব প্রস্তুতিও সম্পন্ন হয়। সপ্তাহখানেক পরেই ফ্লাইট। এর মধ্যে খালাতো বোনের বিয়ে ঠিক হয়। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে খালার বাড়িতে যান তাঁরা। গোসল করতে নামেন বাড়ির পাশের যমুনা নদীতে। আর এটাই কাল হয় দুই তরুণের। নদীতে ভেসে যাওয়ার দুই দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি পাবনার বেড়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। গত শনিবার তাঁরা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীতে নিখোঁজ হন। আজ সোমবার সকালে নদীর নটাখোলা পয়েন্ট এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত তরুণেরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার ভৈরবপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে সম্রাট হোসেন (১৮) ও জেলা সদরের কোলজুরী গ্রামের আমিরুল ইসলামের ছেলে আশিক হোসেন (২০)। সম্পর্কে তাঁরা খালাতো ভাই।
এলাকাবাসী ও মৃতের স্বজনেরা জানান, ১১ অক্টোবর দুই ভাইয়ের ওমানে যাওয়ার ফ্লাইট ছিল। খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শনিবার বেড়া উপজেলার রঘুনাতপুর গ্রামে খালার বাড়িতে যান তাঁরা। ওই দিন দুপুরে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নামেন দুজন। গোসলের একপর্যায়ে দুই তরুণ নদীর স্রোতে ভেসে যান। টানা দুই দিন খুঁজেও তাঁদের হদিস মিলছিল না। আজ সকালে যমুনা নদীর নটাখোলা পয়েন্টে স্থানীয় বাসিন্দারা দুজনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। আমিনপুর থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে নৌ পুলিশে হস্তান্তর করে।
মৃত সম্রাটের চাচাতো ভাই শাহীন হোসেন প্রথম আলোকে বলেন, দুই খালাতো ভাই বেশ কয়েক দিন ধরে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছিলেন। স্বপ্নপূরণে তাঁদের ওমানে পাঠানোর সিদ্ধান্ত নেয় পরিবার। সেই অনুযায়ী সব ব্যবস্থাও হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়ার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।