ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

ফরিদপুরে কৃষক হারুন অর রশিদকে হত্যার দায়ে তাঁর ছেলে মিলন চৌধুরীকে (৩০) সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তাঁকে আরও চার মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের যুগ্ম জেলা জজ-১ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি মিলন চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পুলিশি পাহারায় মিলন চৌধুরীকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। মিলন চৌধুরী ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে।

২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি সকালে জমিজমা নিয়ে বিরোধের জেরে হারুন অর রশিদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হারুনের স্ত্রী হালিমন বেগম (৫৯) বাদী হয়ে ছেলে মিলন চৌধুরীকে একমাত্র আসামি করে ওই দিন নগরকান্দা থানায় একটি হত্যা মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে মিলন একই উপজেলার গোড়াইল গ্রামের মোকসেদ শেখের মেয়ে রিতুকে বিয়ে করেন। বিয়ের পর থেকে মিলন তাঁর নামে জমি লিখে দেওয়ার জন্য বাবা হারুনকে চাপ দিচ্ছিলেন। কিন্তু হারুন জমি লিখে দিতে অস্বীকার করেন।

এ নিয়ে মিলন তাঁর বাবার ওপর ক্ষিপ্ত ছিলেন। ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি সকালে হারুনের সঙ্গে মিলনের জমিসংক্রান্ত বিষয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মিলন লাঠি দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করলে হারুন গুরুতর আহত হন। পরে হারুনকে স্থানীয় কুঞ্জনগর বাজারে পল্লি চিকিৎসক পান্নু মিয়ার কাছে নিয়ে গেলে তিনি হারুনকে মৃত ঘোষণা করেন।

পরে একই বছরের ২৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নগরকান্দা থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন মিলনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আমিনুর রহমান রায়ের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা ন্যায় বিচার পেয়েছি। এ রায়ের মাধ্যমে দেশে অপরাধপ্রবণতা কমে আসবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।’