মোটরসাইকেল শোডাউনে বড়াইল ইউনিয়ন বিএনপির সদস্য মো. আলমগীর হোসেন মোল্লা। ক্ষেতলাল, জয়পুরহাট, ১৭ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল শোডাউনে বড়াইল ইউনিয়ন বিএনপির সদস্য মো. আলমগীর হোসেন মোল্লা। ক্ষেতলাল, জয়পুরহাট, ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

আসন্ন ‎ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেতে নিজের অবস্থান জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন জয়পুরহাটের ক্ষেতলালের বড়াইল ইউনিয়ন বিএনপির সদস্য মো. আলমগীর হোসেন মোল্লা।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন সড়কে চলে এই মোটরসাইকেল শোডাউন। পরে দক্ষিণ হাটশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় তিন হাজার মানুষের ভূরিভোজের আয়োজন করা হয়।

সরেজমিন দেখা যায়, হাটশহর গ্রামের একটি ক্লাবঘরের সামনে ১০ থেকে ১২ জন রান্নার কাজে ব্যস্ত। ক্লাবঘরের ভেতরে রান্না করা বিরিয়ানি ১৭টি ডেকচিতে রাখা হয়েছে। রান্নার কাজে নিয়োজিত আকবর হোসেন বলেন, সকাল ছয়টার পর থেকে তাঁরা রান্না করছেন। ১০ মণ চাল ও ১০০ কেজি খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে।

শোডাউনে অংশ নেয় কয়েক শ মোটরসাইকেল

শোডাউনে অংশ নেওয়া হাটশহর গ্রামের হাফিজুর রহমান বলেন, ‘আলমগীর হোসেন মোল্লা বিএনপির জন্য নিবেদিতপ্রাণ। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করছেন। আমরা তাঁর ডাকে সাড়া দিয়ে শোডাউনে অংশ নিয়েছি।’

‎আলমগীর হোসেন মোল্লা বড়াইল ইউনিয়নের দক্ষিণ হাটশহর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে বড়াইল ইউনিয়ন বিএনপির সদস্য। এর আগে তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। পোলট্রি ব্যবসার সঙ্গে যুক্ত আলমগীর হোসেন বড়াইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

জানতে চাইলে ‎আলমগীর হোসেন বলেন, ‘চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার বিষয়টি জানান দিতেই এই আয়োজন করেছি।’ তাঁর ডাকে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা শোডাউনে অংশ নেন বলেও জানান।

প্রায় তিন হাজার মানুষের ভূরিভোজের আয়োজন করা হয়

স্থানীয় সরকার নির্বাচনে এবার দলীয় প্রতীক থাকছে না। এরপরও ‎বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থনপ্রত্যাশী আরও দুজন রয়েছেন। তাঁরা হলেন বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি রেজ্জাকুল হায়দার ও বিএনপি নেতা মুরশিদুল ইসলাম।