রংপুরের নর্দান মেডিকেল

হাসপাতাল বন্ধ, শিক্ষা কার্যক্রম নেই, ভবনগুলো পড়ে আছে

রংপুরের নর্দান মেডিকেল কলেজ হাসপাতাল
ছবি: প্রথম আলো

রংপুরে নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে এখন কোনো শিক্ষা কার্যক্রম নেই। হাসপাতালের কার্যক্রমও বন্ধ আছে। এ পরিস্থিতিতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা মাইগ্রেশন করে অন্যত্র চলে গেছেন। শুধু ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় দেশের পাঁচটি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত ও একটির অনুমোদন বাতিল করা হয়েছে বলে গতকাল রোববার জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই পাঁচটি মেডিকেল কলেজের মধ্যে রংপুরের নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের নাম আছে।

নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মীদের বকেয়া বেতন পাঁচ কোটি টাকার ওপরে দাঁড়িয়েছে। ৩০ মাস ধরে কেউই বেতন-ভাতা পাচ্ছেন না। বেতনের অপেক্ষায় থাকতে থাকতে কর্মকর্তা-কর্মচারীরা অন্যত্র চলে গেছেন। তবে মাঝেমধ্যে এসে খোঁজখবর নেন, পাওনার ব্যাপারে কোনো অগ্রগতি হয়েছে কি না। একই সঙ্গে পরিচালকেরাও এখন আর হাসপাতালে যান না। কলেজ বন্ধ হওয়ায় চিকিৎসকেরা যাওয়া-আসা বন্ধ করে দিয়েছেন। আর্থিক অনটনে পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। কলেজ ও হাসপাতাল মিলে ২৭৫ জন কর্মরত ছিলেন। অনেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন। গত বছরের আগস্টে শেষ সময় পর্যন্ত ১৫০ জন ছিলেন।

নর্দান মেডিকেল কলেজের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্বাস আলী বলেন, কলেজের শিক্ষা কার্যক্রম দুই বছরের বেশি সময় ধরে বন্ধ। ২০২০ সাল থেকে হাসপাতালের নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, কর্মকর্তা ও কর্মচারী—কেউই কোনো বেতন-ভাতা পাননি। বিভিন্ন সময়ে পরিচালকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার পর বকেয়া বেতন-ভাতা প্রদানের আশ্বাস দেওয়া হলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এ নিয়ে একাধিকবার প্রতিবাদ সভা, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোকেয়া লাভলী বলেন, দুই বছর ধরে কলেজে শিক্ষার্থী ভর্তি ও হাসপাতাল বন্ধ আছে। শিক্ষার্থীরা মাইগ্রেশন করে অন্যত্র চলে গেছেন। তবে বকেয়া কবে নাগাদ দেওয়া হবে, এ বিষয়ে তিনি কোনো কথা বলেননি।

নর্দান প্রাইভেট মেডিকেল কলেজটি অনুমোদন পায় ২০০০ সালে। তখন থেকে প্রথম বর্ষে ভর্তির অনুমোদিত আসনসংখ্যা ৭০। কলেজে সব বর্ষ মিলে শিক্ষার্থী (বিদেশিসহ) ছিল ৩০৫ জন। নিয়মিত শিক্ষক ৪৪ জন ও খণ্ডকালীন শিক্ষক ছিলেন ১৯ জন।
নিজস্ব জমিতে বিরাট এলাকা নিয়ে একাডেমিক ভবনের ফ্লোর স্পেস আছে ৮৪ হাজার ২০০ বর্গফুট। এ ছাড়া দুটি ভবনের চারতলাবিশিষ্ট হাসপাতালের ফ্লোর স্পেস ১ লাখ ২৫ হাজার ৬৬৪ বর্গফুট। প্রতিষ্ঠানের নিজেদের মোট জমির পরিমাণ ২৩৮.৫ শতাংশ।