আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ৪০ হাজার গাছ লাগাবেন সমর্থকেরা

‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’ নামের সংগঠনের উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচরে আজ বিকেলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়
ছবি: প্রথম আলো।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে কেবল মাঠের খেলা বা আনন্দ ও উল্লাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা প্রকৃতির কল্যাণে নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছেন নোয়াখালীর সুবর্ণচরের ফুটবলপ্রেমীরা। ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’ নামক সংগঠনের উদ্যোগে আজ শনিবার সুবর্ণচরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আর্জেন্টিনার সমর্থকেরা জানিয়েছেন, দলটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে ৪০ হাজার গাছ রোপণ করবেন তাঁরা।

এ উপলক্ষে আজ বিকেলে সুবর্ণচর উপজেলার গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহ। আলোচনায় অংশ নেন গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ডিরেক্টর মো. নুর নবী। অনুষ্ঠানে আর্জেন্টিনা ফুটবল দলের দুই শতাধিক সমর্থকের মধ্যে ১০টি করে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

উদ্যোক্তারা জানান, বিশ্বকাপ উন্মাদনার ইতিবাচক জোয়ারকে কাজে লাগিয়ে তাঁরা তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে চান। প্রকৃতি ও গাছের সঙ্গে মিশে থেকে মানুষের মনোবল বৃদ্ধি ও পরিবেশকে আরও মনোরম করে তোলাই এই কর্মসূচির লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে সুবর্ণচরকে সবুজে সাজিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সমর্থকেরা।

কর্মসূচিতে ৫০টি ভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, বক্স বাদাম, শজনে, জারুল, কৃষ্ণচূড়া, অর্জুন, আমলকী, ডালিম, বেল ও ঔষধি গুণের নিমগাছ। সংগঠনের নিয়ম অনুযায়ী, প্রত্যেকে সর্বোচ্চ ১০টি করে চারা সংগ্রহ করতে পারছেন। কমপক্ষে ২০০ সমর্থকের মধ্যে এই চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন চন্দ্রকলির পক্ষ থেকে জানানো হয়, কেবল বিশ্বকাপ নয়, তারা যেকোনো সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করে, যেমন বিয়ে, জন্মদিন কিংবা কারও মৃত্যুবার্ষিকীতে স্মারক বৃক্ষরোপণ। এমনকি মোহাম্মদপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া শিশুদের পরিবারকে গত পাঁচ বছরে তারা প্রায় দুই হাজার চারা উপহার দিয়েছে। শুষ্ক মৌসুমে তারা তালিকা তৈরি করে রাখে এবং বর্ষা আসা মাত্রই সেসব চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চন্দ্রকলির সভাপতি শাখাওয়াত উল্লাহ ঘোষণা দেন, আর্জেন্টিনা যদি এবারের বিশ্বকাপ জেতে, তবে দেশজুড়ে তাঁর সংগঠনের উদ্যোগে আরও ৪০ হাজার গাছের চারা রোপণ করা হবে।