
জামালপুর সদর উপজেলায় চাঞ্চল্যকর মা–মেয়ে হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকার বাসিন্দারা। আজ রোববার বেলা ১১টার দিকে জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ করেন। দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রানাগাছা ইউনিয়নের নয়াপাড়া থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নান্দিনা বাজারে আসেন এলাকাবাসী। তাঁরা নান্দিনা বাজার প্রদক্ষিণ করে জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সড়ক অবরোধ কর্মসূচি থেকে বলা হয়, মা ও মেয়েকে একসঙ্গে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার ২৬ দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেপ্তার করছে না। বাধ্য হয়ে তাঁরা সড়ক অবরোধ করেছেন। মাইকে যাত্রীদের ক্ষণিকের কষ্ট মেনে নেওয়ার অনুরোধ জানানো হয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ঘটনাস্থলে যান। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের আশ্বাস দিলে ক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ তুলে নেন।
হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা হলেন জোসনা বেগম (৫০) ও তাঁর মেয়ে কাজলী আক্তার (৩০)। জোসনা উপজেলার রানাগাছা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মোস্তফা কামালের স্ত্রী।
মামলার সংক্ষিপ্ত এজাহার ও নিহত ব্যক্তিদের স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বিকেলে মা ও মেয়ে একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ৪ সেপ্টেম্বর সকালে রানাগাছা ইউনিয়নের কুমারীয়া বটতলা এলাকার একটি বাঁশঝাড় থেকে মেয়ে কাজলীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। দুই দিন পর ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বাঁশচড়া ইউনিয়নের জামিরা এলাকা থেকে মা জোসনা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ৬ সেপ্টেম্বর রাতে নিহত জোসনার স্বামী মোস্তফা কামাল বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, রানাগাছা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সুহেল, স্থানীয় বাসিন্দা মো. আদমান প্রমুখ।
বক্তারা বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে মা ও মেয়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন নিপুন নামের এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়িতে যাওয়ার উদ্দেশে তাঁরা দুজন বের হন। এর পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। পরে একে একে তাঁদের গলাকাটা লাশ উদ্ধার হয়। তাঁদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু পুলিশ মূল হোতা নিপুনকে এখনো গ্রেপ্তার করেনি। পুলিশ কেন তাঁকে ধরছে না? কিসের কারণে ধরছে না? তাঁকে ধরতে পুলিশের কেন এত গড়িমসি? তাঁরা দ্রুত সময়ের মধ্যে নিপুনসহ বাকি আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যথায় পরবর্তী সময়ে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত আসামি আছেন ছয়জন। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা কারাগারে আছেন। এ ছাড়া অজ্ঞাতনামা একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে। পুলিশ মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। অনেক তথ্য পাওয়া যাচ্ছে। তদন্তের স্বার্থে অনেক কিছু প্রকাশ্যে বলা যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে বাকি আসামিরা গ্রেপ্তার হবেন এবং জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।