তানভীর ইসলাম
তানভীর ইসলাম

স্কুল ছুটির পর বাড়ি ফিরতে পারল না শিশু তানভীর, কাভার্ড ভ্যানের চাপায় নিহত

গাজীপুরের শ্রীপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার আনসার রোড–শ্রীপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম তানভীর ইসলাম (৮)। সে দিনাজপুর জেলা সদরের মধ্যবালিবাড়ি গ্রামের সজল ইসলামের ছেলে। মা–বাবার সঙ্গে কেওয়া বাজারের দক্ষিণ পাশে একটি ভাড়া বাসায় থাকত। সে কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

স্থানীয় ও স্কুল সূত্রে জানা যায়, আজ প্রথম শিফটের ক্লাস শেষ হওয়ার পর স্কুল ছুটি হয়। অন্য সহপাঠীদের সঙ্গে তানভীর স্কুল থেকে বের হয়ে বাড়ির পথে রওনা দেয়। স্কুলের অদূরে কলিম উদ্দিন চেয়ারম্যানের বাড়ির কাছে সড়কের পাশে সে দাঁড়িয়ে ছিল। তার পেছনে একটি বৈদ্যুতিক খুঁটি ছিল। সে সময় তার সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান হঠাৎ পেছনের দিকে আসতে শুরু করে। লোকজনের চিৎকারে কাভার্ড ভ্যান থামান চালক। ততক্ষণে কাভার্ড ভ্যানের চাপায় তানভীরের মাথা ও শরীর থেঁতলে যায়।

কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তানভীরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানভীরের বাবা সজল ইসলাম শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সন্তানের লাশ নিতে আসেন। সেখানে তাঁর সঙ্গে কথা হয়। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার দুই সন্তান। এক মেয়ে ও এক ছেলে। তানভীর ছিল বড়। তার এভাবে চলে যাওয়া মানতে পারি না।’

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।