ছুটে চলছে প্রতিযোগিতায় অংশ নেওয়া দুটি ঘোড়া। শুক্রবার বিকেলে নওগাঁ পৌরসভার পার-নওগাঁ মণ্ডলপাড়া মাঠে
ছুটে চলছে প্রতিযোগিতায় অংশ নেওয়া দুটি ঘোড়া। শুক্রবার বিকেলে নওগাঁ পৌরসভার পার-নওগাঁ মণ্ডলপাড়া মাঠে

হেমন্তের মাঠে প্রাণপণে ছুটছে ৫৪টি ঘোড়া, হর্ষধ্বনিতে মুখর চারপাশ

হেমন্তের শেষে মাঠ থেকে কেটে নেওয়া হয়েছে ধান। সেই ফাঁকা মাঠের পাশে বিকেলে নরম রোদের মধ্যে কয়েক হাজার দর্শকের ভিড়। দৃষ্টি সবার মাঠের মাঝখানে। সেখানে চিহ্নিত করে দেওয়া স্থানের মধ্য দিয়ে প্রাণপণে ছুটছে ঘোড়া। উপস্থিত দর্শকদের হর্ষধ্বনি ও করতালিতে মুখর হয়ে উঠছে চারপাশ।

নওগাঁ পৌরসভার পার-নওগাঁ মণ্ডলপাড়া এলাকায় ফসলি জমির মাঠে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতার দৃশ্য এটি। আজ শুক্রবার বিকেলে পার-নওগাঁ নবতরুণ সংসদ নামের একটি সংগঠন এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় নওগাঁর বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী বগুড়া, জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ৫৪ ব্যক্তি ৫৪টি ঘোড়া নিয়ে আসেন। এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে ঘোড়া পোষেন তাঁরা।

নওগাঁর ধামইরহাট থেকে ঘোড়া নিয়ে এসেছিলেন ওবায়দুল হক। প্রতিযোগিতায় অংশ নিয়ে সবার দৃষ্টি কাড়ে তাঁর মেয়ে ঘোড়সওয়ার কিশোরী তাসমিনা আক্তার।

ওবায়দুল হক বলেন, ‘১০ বছর ধরে ঘোড়দৌড়ে অংশ নিচ্ছি। যেখানে ঘোড়দৌড়ের খবর পাই, সেখানে ছুটে যাই। আয়োজকেরাও খবর দেন। এটা আমার একটা শখ। আমার মেয়ে তাসমিনারও শখ প্রতিযোগিতায় অংশ নেওয়া। পত্রিকায় খবর ছাপা হওয়ায় সারা দেশের মানুষ তার নাম জানে। এবার সে এসএসসি পাস করেছে।’

প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হয় সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে আসা মামুন খানের ঘোড়া, দ্বিতীয় বগুড়ার ধুনট থেকে আসা ফরহাদ হোসেনের ঘোড়া এবং তৃতীয় হয়েছে ধুনটের আলী হোসেনের ঘোড়া।

খ গ্রুপে প্রথম হয়েছে নওগাঁর মান্দা উপজেলার ফারুক হোসেনের ঘোড়া, নওগাঁর ধামইরহাটের মাহাবুবের ঘোড়া দ্বিতীয় ও সিরাজগঞ্জের চান্দাইকোনা এলাকার মিলনের ঘোড়া তৃতীয় হয়েছে। গ গ্রুপে প্রথম হয়েছে বগুড়ার শেরপুরের নাহিদ হোসেনের ঘোড়া, ধামইরহাটের বাচ্চুর ঘোড়া দ্বিতীয় ও বগুড়ার ধুনট উপজেলার রনির ঘোড়া তৃতীয় হয়েছে।

প্রতিটি গ্রুপে প্রথম ঘোড়সওয়ারকে টেলিভিশন, দ্বিতীয়জনকে স্মার্টফোন ও তৃতীয় ঘোড়সওয়ারকে রাইস কুকার উপহার দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেক প্রতিযোগী পেয়েছেন এক হাজার টাকা সম্মানী।

বেলা তিনটায় ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এর আগে পৌরসভার বিভিন্ন এলাকা ও আশপাশের গ্রাম থেকে মাঠে আসতে শুরু করেন স্থানীয় দর্শকেরা। খেলা শুরুর আগে পার-নওগাঁ মণ্ডলপাড়ার মাঠ ভরে যায়। প্রতিযোগিতা শেষ হয় বিকেল পাঁচটায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। পার-নওগাঁ নবতরুণ সংসদের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা গোলাম সামদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবতরুণ সংসদের সভাপতি ও নওগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারওয়ার তানজিদ, সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, সমাজকর্মী আসাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভবিষ্যতে এ ধরনের আয়োজন করবেন জানিয়ে আয়োজক সংগঠন পার-নওগাঁ নবতরুণ সংসদের সভাপতি সারওয়ার তানজিদ প্রথম আলোকে বলেন, ‘এলাকার তরুণ ও যুবকদের নির্মল বিনোদন দিতে এবং তাঁদের মাদক থেকে দূরে রাখতে আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকি। পাঁচ বছর ধরে ছোট যমুনা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এবার ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। স্থানীয় লোকজন এই খেলা দেখে বেশ খুশি।’