
চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত ফুল উৎসবে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে এসেছেন ব্যবসায়ী আখতার উদ্দিন। মেলার ফটক পেরোতেই লোকারণ্য, যা দেখে ভড়কে যান তিনি।
আখতার উদ্দিন প্রথম আলোকে বলেন, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ উৎসব নিয়ে এত প্রচারণা হয়েছে যে এখন উপচে পড়া ভিড় হয়েছে। তিনিও ফেসবুকে ভিডিও দেখে সন্তানদের নিয়ে এসেছেন। তবে এত মানুষের ভিড় হবে, তা ভাবেননি।
আজ শুক্রবার বিকেল চারটায় ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
বেশির ভাগ দর্শনার্থী ফেসবুক ও ইউটিউবে দেখে উৎসবে এসেছেন। আগত অন্তত ২০ জনের সঙ্গে কথা হলে তাঁরা প্রথম আলোকে এ কথা বলেছেন।
স্ট্রেচারে ভর দিয়ে মেলায় আসা কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের(সিডিএফ) কর্মকর্তা কোহিনুর বেগম বলেন, ফুল উৎসবে এসে তাঁর খুব ভালো লাগছে। তবে অস্থায়ী উৎসব না করে জায়গাটিতে স্থায়ীভাবে ফুলের বাগান করা হলে কর্মব্যস্ত মানুষের জন্য একটু শান্তির জায়গা মিলত।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কের পাশে শুকতারা নামে একটি রেস্তোরাঁসহ ১৯৪ একর জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে একটি পার্ক গঠন করেছে জেলা প্রশাসন। এর নাম দেওয়া হয়েছে ‘ডিসি ফ্লাওয়ার পার্ক’। ওই জায়গায় আজ থেকে ৯ দিনব্যাপী ফুল উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন।
সেখানে গিয়ে দেখা গেছে, পুরো পার্ক বর্ণিল ফুলে ফুলে সেজেছে। একেকটি ছোট বাগানের চারপাশে বিভিন্ন রঙের আলোকসজ্জা করা হয়েছে। পার্কের ভেতর থাকা দিঘিতে বিভিন্ন আকৃতির নৌকা রাখা হয়েছে। অনেক দর্শনার্থী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সেই নৌকায় উঠেছেন। দর্শনার্থীরা ফুলের সঙ্গে ছবি তুলছেন।
মেলায় কোনো প্রবেশ ফি লাগছে না উল্লেখ করে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, উদ্ধার করা ১৯৪ একর জমিতে পাশাপাশি দুটি দিঘি রয়েছে। দিঘির পূর্ব পাশে লাগানো হয়েছে গোলাপ, জবা, গাঁদা, টিউলিপসহ ১২২ প্রজাতির ফুল গাছ। বাগানের ভেতরে নানা স্থানে আঁকা হয়েছে রঙিন আলপনা।
সীতাকুণ্ডের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে দর্শনার্থীর ঢল নেমেছে। এমন একটি উৎসব পেয়ে তাঁরা আনন্দিত। এত দিন এখানে মাদকের আড্ডা ছিল। ফলে অনেকে ভয়ে আসত না। এখন স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারছে মানুষজন। এ জন্য পার্কে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য পার্কটি উন্মুক্ত রাখতে চান বলে জানিয়েছেন আশরাফুল আলম।