কুমারখালীতে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

কুমারখালী পৌরসভার ইকোপার্ক-সংলগ্ন গড়াই নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। রোববার সকালে
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদে নিখোঁজের এক দিন পর তামিম (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার সকালে কুমারখালী পৌরসভার ইকোপার্ক-সংলগ্ন গড়াই নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তামিম উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকার মৃত টিপু সুলতানের ছেলে। তামিমের লাশ উদ্ধারের পর সেটি শনাক্ত করেন তার চাচা ইদ্রিস আলী। কান্নাজড়িত কণ্ঠে ইদ্রিস আলী জানান, গতকাল শনিবার থেকে তামিম নদে নিখোঁজ ছিল। হয়তো খেলতে গিয়ে পড়ে যেতে পারে।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, সকালে খবর পেয়ে গড়াই ইকোপার্ক–সংলগ্ন নদ থেকে একটি শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়। পরে ওই শিশুর পরিবারকে খবর দেওয়া হলে তার চাচা ইদ্রিস আলী ও স্বজনেরা এসে লাশটি শনাক্ত করেন।

বখতিয়ার উদ্দিন আরও বলেন, শিশুটি গতকাল দুপুর থেকে গড়াই নদে নিখোঁজ ছিল। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছিল। লাশ উদ্ধার হওয়ায় এখন অভিযান বন্ধ করে দেওয়া হবে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে নিজেদের বাড়ির সামনে গড়াই নদের পাড়ে তামিম ও শামিম নামের দুই শিশু খেলছিল। এ সময় দুজনই নদের পানিতে হাত ধুতে যায়। তখন তামিম নদে পড়ে তীব্র স্রোতে ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা নদে অনেক খোঁজাখুঁজি করে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদে উদ্ধার অভিযান চালায়। কিন্তু গতকাল তাঁকে উদ্ধার করা যায়নি। আজ সকালে কুমারখালী পৌরসভার ইকোপার্ক–সংলগ্ন নদে শিশুর একটি ভাসমান লাশ দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন হোসাইন প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিস নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। যেহেতু ঘটনা নদের ভেতরের তাই এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেবে নৌ পুলিশ।