
নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে অপহৃত এক ছাত্রীকে গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মামলার প্রধান আসামিকেও গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।
থানা-পুলিশ জানায়, গত রোববার বিকেল সাড়ে চারটার দিকে স্কুল থেকে ফেরার পথে দশম শ্রেণির ওই ছাত্রীকে একটি প্রাইভেট কারে তুলে নেওয়া হয়। পরদিন সোমবার সকালে রায়পুরা থানায় ওই ছাত্রীর বাবা লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে জীবন মিয়া (১৯) ও অজ্ঞাতনামা চার তরুণের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। জীবন মিয়া রায়পুরার অলিপুরা ইউনিয়নের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন জীবন মিয়া। এ বিষয়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জীবন মিয়ার পরিবারের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলে বিষয়টির কোনো সুরাহা হয়নি। রোববার বিকেল সাড়ে চারটার দিকে ওই ছাত্রী সহপাঠীদের সঙ্গে স্কুল থেকে বাড়িতে ফিরছিল। ফেরার পথে বাড়িসংলগ্ন সড়কে একটি সাদা প্রাইভেট কার এসে থামে। পরে ওই প্রাইভেট কার থেকে নেমে জীবন ওই ছাত্রীকে জোরপূর্বক গাড়িতে তুলে নেন। এ সময় প্রাইভেট কারের ভেতরে চালকসহ আরও অন্তত তিনজন ছিলেন। পরে তাঁরা নরসিংদী ছেড়ে প্রথমে ময়মনসিংহের নান্দাইলের এক বাড়িতে যান। সেখানে আশ্রয় না পেয়ে তাঁরা চলে যান নেত্রকোনায়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে প্রথমে ময়মনসিংহের নান্দাইল, পরে নেত্রকোনায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। পরে হালুয়াঘাটে আসামি জীবনের এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালালে তাঁদের খোঁজ পাওয়া যায়। গতকাল বিকেলে তাঁদের রায়পুরা থানায় নিয়ে আসা হয়। পরে জীবন মিয়াকে আদালতে পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার, রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান প্রমুখ।