
নোয়াখালীতে পুলিশের ওপর হামলা ও দাঙ্গা–হাঙ্গামা সৃষ্টির অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাইফুল ইসলামসহ জামায়াত ও ছাত্রশিবিরের ৫৩৬ নেতা–কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মুজাফ্ফর আলী বাদী হয়ে এ মামলা করেন।
গতকাল শহরের জামে মসজিদ ও পৌর বাজার এলাকা থেকে আটক জেলা জামায়াতের নায়েবে আমির সাইয়েদ আহমদসহ জামায়াত ও শিবিরের ২৩ নেতা–কর্মীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার নেতা–কর্মীদের আজ রোববার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠান।
মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল সকালে জামায়াত-শিবিরের একদল কর্মী পূর্ব অনুমতি ছাড়া আকস্মিকভাবে দাঙ্গা–হাঙ্গামা সৃষ্টির উদ্দেশ্যে শহরের জামে মসজিদ এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় শটগান থেকে কয়েকটি গুলি ও কাঁদানে গ্যাসের কয়েকটি শেল নিক্ষেপ করে জামায়াত-শিবিরের নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার পর পুলিশ জামে মসজিদ ও পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে জেলা জামায়াতের নায়েবে আমির সাইয়েদ আহমদসহ জামায়াত ও শিবিরের ২৩ নেতা–কর্মীকে আটক করে। পরে এ ঘটনায় গতকাল রাতে সুধারাম থানার এসআই মুজাফ্ফর আলী বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল আটক ২৩ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এদিকে দলের নেতা–কর্মীদের গ্রেপ্তার ও মামলার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফারুক। তিনি বলেন, পুলিশ বিনা কারণে জামায়াতের মিছিলে হামলা ও গুলি করেছে। আর এখন উল্টো সাজানো মামলা দিয়ে গণহারে জামায়াত–শিবিরের নেতা–কর্মীদের আসামি করে গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে। তিনি অবিলম্বে গ্রেপ্তার নেতা–কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিএনপির ৮ নেতা–কর্মী কারাগারে
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গতকাল বিএনপির গণমিছিলে যাওয়ার সময় শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য ভিপি মফিজুল ইসলামসহ বিএনপির আট নেতা–কর্মীকে আটক করা হয়। আটক বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে পূর্বের বিভিন্ন মামলা ছিল। এসব মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠান।