কুষ্টিয়া–৩ আসনে বিএনপির পরাজিত প্রার্থী জাকির হোসেন সরকারকে মিষ্টিমুখ করাচ্ছেন জামায়াতের জয়ী প্রার্থী আমির হামজা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে
কুষ্টিয়া–৩ আসনে বিএনপির পরাজিত প্রার্থী জাকির হোসেন সরকারকে মিষ্টিমুখ করাচ্ছেন জামায়াতের জয়ী প্রার্থী আমির হামজা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে

কুষ্টিয়া-৩

বিএনপির পরাজিত প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন জামায়াতের আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির পরাজিত প্রার্থী জাকির হোসেন সরকারকে মিষ্টিমুখ করিয়েছেন জামায়াতের জয়ী প্রার্থী মো. আমির হামজা। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে জাকির হোসেনকে মিষ্টিমুখ করান।

আলাপচারিতা ও মিষ্টিমুখ করানোর ছবি বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীরা ফেসবুকে পোস্ট করেছেন।

দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাক্ষাৎকালে দুই দলের নেতা কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজ করা ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কুষ্টিয়াকে একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ জেলায় পরিণত করতে দল-মতনির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে আলাপচারিতায় উঠে আসে।

জামায়াতের জয়ী প্রার্থী আমির হামজা বলেন, ‘নির্বাচন শেষ। এখন আমাদের মূল লক্ষ্য কুষ্টিয়ার মানুষের কল্যাণ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সব রাজনৈতিক নেতা ও সচেতন নাগরিকদের নিয়ে আমরা উন্নয়নের কাজ এগিয়ে নিতে চাই। রাজনৈতিক ভিন্নমত থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিএনপির পরাজিত প্রার্থী জাকির হোসেন সরকার নির্বাচিত সংসদ সদস্য আমির হামজাকে স্বাগত জানিয়ে বলেন, ‘জনগণের স্বার্থ সবার আগে। কুষ্টিয়ার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে গঠনমূলক ভূমিকা রাখতে আমরা প্রস্তুত।’ এ সময় তিনি রাজনৈতিক সহনশীলতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দীন জোয়ার্দার, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকসহ স্থানীয় জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ (সদর) আসনে আমির হামজা ১ লাখ ৮২ হাজার ৪৭৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫৯৯ ভোট।