ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জুনাইদ কবির
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলিফ রেজার বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কহরপাড়া জহুরা মার্কেটে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার জুনাইদ কবির দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ও জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক। উপজেলার নারগুন এলাকায় একটি ঘটনার তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে তিনি হামলার শিকার হন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় জুনাইদ কবিরকে মারধর করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের তিনি শাস্তি দাবি করছেন।

হাসপাতালে চিকিৎসাধীন জুনাইদ কবির বলেন, নারগুন এলাকায় কৃষক মো. দুলালের খেতের আখ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে তিনি ঘটনাস্থলে যান। তথ্য সংগ্রহ শেষে ইউপি সদস্য আলিফ রেজার সাক্ষাৎকার নিতে গেলে আগের এক ঘটনার জেরে তাঁর (জুনাইদের) সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আলিফসহ কয়েকজন লাঠিসোঁটা দিয়ে তাঁকে মারধর করেন। পরে একটি দোকানে তাঁকে আটকে রাখা হয়। খবর পেয়ে অন্য সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন।

জুনাইদ কবির আরও বলেন, গত ১৬ জুন শ্যালিকাকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় যাচ্ছিলেন তিনি (জুনাইদ)। কহরপাড়া এলাকার একটি পুকুরে কয়েকজন কিশোর গোসল করছিল। সেই কিশোরেরা তাঁর শ্যালিকাকে উদ্দেশ করে অশোভন কথা বলে। এর প্রতিবাদ করলে কিশোরদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। পরে নারগুন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আলিফ রেজাসহ ওই কিশোরদের স্বজনেরা তাঁকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় তিনি সেদিন ঠাকুরগাঁও থানায় একটি অভিযোগ দেন। এ ঘটনার জেরেই তাঁকে মারধর করা হয়েছে বলে ধারণা করছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আলিফ রেজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও নম্বর বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

নারগুন ইউপির চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, ‘ইভ টিজিংয়ের একটি ঘটনা নিয়ে ইউপি সদস্য আলিফ ও সাংবাদিক জুনাইদের মধ্যে দ্বন্দ্ব ছিল। আজ আবার সেই ঘটনা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। বিষয়টি নিয়ে আমি আলিফের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, তাঁদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে সাংবাদিককে মারধর করা হয়নি বলে জানিয়েছেন আলিফ।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।