গাজীপুরের টঙ্গী থানার ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজনকে আজ রোববার দুপুরে গ্রেপ্তার করা হয়
গাজীপুরের টঙ্গী থানার ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজনকে আজ রোববার দুপুরে গ্রেপ্তার করা হয়

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজনকে গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার পাঁচ স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আসামিকে প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।

ওই নেতা হলেন টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আবদুল মতিন (৪৭)। টঙ্গী পূর্ব থানার পুলিশ গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। রাতে তাঁকে থানার হাজতখানায় রাখা হয়। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার সময় তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকজন প্রকাশ্যে বিভিন্ন স্লোগান দেন। পরে তাঁদের মধ্যে পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টঙ্গীর মরকুন এলাকার মাহদী হাসান, হারুন রশীদ, জহুরা বেগম, শারমিন সুলতানা ও শাহিদা আক্তার।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, ঘটনাটি থানার ভেতরে নয়, থানার সামনে ঘটেছে। আসামিকে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, ঠিক সেই সময় তাঁর কিছু উচ্ছৃঙ্খল আত্মীয়স্বজন এমন স্লোগান দিতে থাকেন। থানার সামনে এ ধরনের স্লোগান দেওয়া আইনসিদ্ধ নয়। এ কারণে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।