বগুড়ায় ধান মাড়াই নিয়ে বিরোধে এক নারীর মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরের বেলঘড়িয়া গ্রামে ধান মাড়াই নিয়ে বিরোধে আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ওই নারীর নাম শেফালী আক্তার (৪৬)। তিনি ওই গ্রামের বাচ্চু হোসেনের (৫৫) স্ত্রী।

স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বাচ্চু হোসেন ও তাঁর স্ত্রী শেফালী আক্তারসহ কয়েকজন বাড়ির আঙিনায় জমি থেকে কেটে আনা ধান মাড়াই করছিলেন। তখন বাধা দেন প্রতিবেশী মো. আজমহর (৫৫), তাঁর স্ত্রী মোছা. রবি বেগম (৪৫) ও তাঁদের ছেলেমেয়েরা। একপর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের পাঁচজন আহত হন। তাঁদের চিকিৎসার জন্য প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় দুজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাচ্চু, শেফালীসহ কয়েকজন যখন ধান মাড়াইয়ের কাজ করছিলেন, তখন বাতাসে ধানের ময়লা আজমহরের বাড়ির দিকে যাচ্ছিল। এ নিয়ে বিরোধ হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার প্রথম আলোকে বলেন, নারীর মৃত্যুর খবর গতকাল রাতে শেরপুর থানাকে জানানো হয়েছে। মৃত্যুর ঘটনায় নিহত ব্যক্তির পরিবার থেকে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়া হয়েছে।