মানিকগঞ্জে দুটি প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল রোববার রাতে
মানিকগঞ্জে দুটি প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটে।  গতকাল রোববার রাতে

মানিকগঞ্জে দুটি প্রাইভেট কারের সংঘর্ষে কলেজছাত্র নিহত

মানিকগঞ্জ সদর উপজেলায় দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে রিপন হোসেন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাড়াগ্রাম এলাকার মোশারফ হোসেনের ছেলে। তিনি সাটুরিয়া উপজেলার দড়গ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় গোলড়া হাইওয়ে থানা-পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁ থেকে রাতের খাবার খেয়ে প্রাইভেট কারে বাড়ি ফিরছিলেন রিপন হোসেন। পথে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিপন হোসেন ও অপর প্রাইভেট কারের চালক শাহীন মিয়া আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিপন হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক দেওয়ান কউসিক আহমেদ বলেন, দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে রিপন হোসেন নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।