
কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয়শিবির (ক্যাম্প-১১) থেকে বাংলাদেশি পাসপোর্টসহ মোহাম্মদ শরীফ (৪৩) নামের এক রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাত আটটার দিকে আশ্রয়শিবিরের মরাগাছতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোহাম্মদ শরীফ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ওই আশ্রয়শিবিরের সি ব্লকের ১২ নম্বর শেডের বাসিন্দা মোহাম্মদ হাশিমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা শরীফ স্বীকার করেন যে মিথ্যা পরিচয় দিয়ে তিনি দালালের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করেন বিদেশ যাওয়ার জন্য। তাঁর লুঙ্গিতে লুকানো অবস্থায় পাসপোর্টটি পাওয়া যায়। পাসপোর্ট তৈরির পেছনে কারা জড়িত ছিলেন তার অনুসন্ধান চলছে। শরীফকে উখিয়া থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।