আবদুল্লাহপুর থেকে চান্দনা পর্যন্ত সড়কে লাঠি হাতে সরব আওয়ামী লীগের নেতা-কর্মীরা

লাঠিসোঁটা হাতে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শালিকচূড়া এলাকায়
ছবি: প্রথম আলো

বিএনপি–জামায়াতের ডাকা অবরোধ ঠেকাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়কের বেশ কয়েকটি সড়কে সরব হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। কোথাও লাঠি হাতে, কোথাও মিছিল নিয়ে সড়কে অবস্থান করছেন তাঁরা। বেশি মানুষের জটলা দেখলে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় তাঁদের।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১০টা পর্যন্ত আবদুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সরেজমিন ঘুর এই চিত্র দেখা গেছে।

সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শালিকচূড়া এলাকায় অর্ধশতাধিক নেতা-কর্মীর জটলা দেখা যায়। তাঁদের প্রায় সবার হাতে লাঠি। কেউ বসে, কেউ বা সড়কের পাশে দাঁড়িয়ে আছেন। এ সময় সড়কে যানবাহন চলাচলে যেন কোনো সমস্যা না হয় বা কেউ বাধা সৃষ্টি করতে না পারেন, সেদিক খেয়াল রাখছিলেন তাঁরা। এর মধ্যে বিএনপি-জামায়াতের লোকজন ভেবে কাউকে কাউকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় অবস্থান নেওয়া নেতা–কর্মীদের। সড়কে যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক দেখা গেছে। তবে অন্য দিনের তুলনায় কম।

অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগ নেতা–কর্মীদের মিছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শালিকচূড়া এলাকায়

শালিকচূড়া এলাকায় জটলার নেতৃত্ব দিচ্ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মনজুর। তিনি প্রথম আলোকে বলেন, অবরোধের নামে কেউ যেন সড়কে জ্বালাও–পোড়াও করতে না পারেন বা যান চলাচলে কোনো সমস্যা না হয়, সে জন্য দলীয় নির্দেশনা অনুযায়ী সকাল থেকে সড়কে অবস্থান করছেন। কোনোভাবেই বিএনপি–জামায়াতের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তাঁরা সারাদিন সড়কে থেকে মানুষের জানমালের পাহারা দেবেন।

একইভাবে সড়কের স্টেশনরোড, কলেজগেট, হোসেনমার্কেট, বোর্ডবাজারসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতা–কর্মীদের সড়কে সরব উপস্থিতি দেখা যায়। নেতা–কর্মীরা প্রথমে সড়কে অবরোধবিরোধী মিছিল করেন। এরপর সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।