
চট্টগ্রামে বিএনপি'র সমাবেশ শুরুর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এলাকায় গাড়ির কাগজপত্র তল্লাশি চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এতে করে মহাসড়কের তল্লাশি এলাকা থেকে চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজ বুধবার দুপুর একটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজার এলাকায়। কৃষ্ণ চন্দ্র দাস।চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে চট্টগ্রামের সমাবেশে অংশ নিতে যাওয়া বিএনপির নেতা-কর্মীরাও এ যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন। তপ্ত রোদে চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাঁদের।
উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে যাত্রীবাহী গাড়ি তল্লাশির কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা-কর্মীরা। তবে পুলিশের দাবি, গাড়ি তল্লাশির জন্য নয়, একটি দুর্ঘটনার কারণেই এ যানজট সৃষ্টি হয়েছে।
বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা শামসুল আলম প্রথম আলোকে বলেন, ব্যবসার কাজে তিনি চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় যাচ্ছিলেন। কিন্তু ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের গাড়িটি থামিয়ে কাগজপত্র তল্লাশি করেন। এরপর তাঁদের নামিয়ে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়কে যানজটে থেকে ফৌজদারহাট আসার পর আবার তাঁদের নামিয়ে দিয়ে দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়।
কুমিরা এলাকার বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর বলেন, তাঁদের গাড়িটি অন্তত ৪৫ মিনিট ধরে আটকে রেখেছে পুলিশ। এ কারণে ওই গাড়িতে থাকা বিএনপির নেতা-কর্মীরা হেঁটে রওনা দিয়েছেন সমাবেশের দিকে। তল্লাশির কারণে এ যানজট ১০ কিলোমিটার ছাড়িয়ে গেছে।
সরেজমিন দেখা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অর্ধেক অংশ বন্ধ করে গাড়ি থামিয়ে কাগজপত্র তল্লাশি করছেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন। এ সময় সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিল। যাত্রীবাহী গাড়িগুলো আটকে চালককে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে দেখা গেছে।
এ ছাড়া মহাসড়কে ওই অংশে গাড়ি ধীরে ধীরে চলছিল। এই যানজট উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকা পর্যন্ত প্রায় আট কিলোমিটার ছাড়িয়ে যায়। তপ্ত রোদে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের যাত্রী মো. রুহুল আমিন বলেন, পথে পথে বিভিন্ন স্থানে তল্লাশির কারণে একাধিকবার তাঁরা যানজটে পড়েছেন। সীতাকুণ্ডে যানজট শুরুর পর থেকে দেড় ঘণ্টায় পাঁচ কিলোমিটারের বেশি পার হতে পারেননি।
এ ব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গাড়ি তল্লাশির কারণে যানজটের সৃষ্টি হয়নি। ফৌজদারহাট ওভারব্রিজ এলাকায় একটি লরি দুর্ঘটনা শিকার হওয়ায় যানজট শুরু হয়েছে।