বগুড়া পৌরসভা

সার্ভার বন্ধ, সেবা না পেয়ে চরম ভোগান্তি

সার্ভারে আধুনিকায়নের কার্যক্রম চলছে। এ কারণে সার্ভার বন্ধ। জন্মনিবন্ধন সেবা কার্যক্রম বিঘ্নিত।

বগুড়া জেলার মানচিত্র
বগুড়া জেলার মানচিত্র

সার্ভার বন্ধ থাকায় বগুড়া পৌরসভায় তিন সপ্তাহের বেশি সময় ধরে অনলাইনে জন্মনিবন্ধন সনদ নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রত্যাশী মানুষ। এ ছাড়া পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, চাকরির আবেদন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির কার্যক্রমও বন্ধ রয়েছে।

পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন, জন্মনিবন্ধন সার্ভারে আধুনিকায়নের কার্যক্রম চলছে। এ কারণে সার্ভার বন্ধ রয়েছে। এক মাস ধরে জন্মনিবন্ধন সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

বগুড়া পৌরসভার সংশ্লিষ্ট শাখায় খোঁজ নিয়ে জানা যায়, ২০ জুলাইয়ের পর থেকে সার্ভার বন্ধ রয়েছে। থাকায় জন্মসনদ–সংক্রান্ত সব ধরনের সেবা বন্ধ আছে। দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ভিসা আবেদনসহ ১৯টি নাগরিক সেবার ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

গত মাসের প্রথম দিকে ধীরগতিতে বিচ্ছিন্নভাবে সার্ভার খুললেও তিন সপ্তাহ ধরে সার্ভার পুরোপুরি বন্ধ রয়েছে।
রেজাউল করিম, মেয়র, বগুড়া পৌরসভা

গত রোববার দুপুরে পৌরসভায় গিয়ে দেখা যায়, জন্মনিবন্ধন শাখায় নানা কাজে মানুষের ভিড়। সার্ভার বন্ধ থাকায় জন্মনিবন্ধন শাখার কর্মীরা অলস বসে আছেন। জন্মনিবন্ধন–সংক্রান্ত সেবা নিতে আসা লোকজন ক্ষোভ ও হতাশা নিয়ে ফিরছেন।

বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা শাহানা ইয়াসমিন তাঁর ১০ বছরের শিশুসন্তানের জন্মনিবন্ধন সংশোধনের জন্য এসেছিলেন। শাহানা ইয়াসমিন বলেন, তাঁর সন্তানের কিডনিতে সমস্যা দেখা দিয়েছে।

তাকে ভারতে নিয়ে চিকিৎসা করাতে চান। পাসপোর্ট করতে গিয়ে সন্তানের জন্মনিবন্ধন সনদে নামের বানান ভুল ধরা পড়ে। এখন পাসপোর্ট ও ভিসার আবেদন করতে জন্মনিবন্ধন সংশোধন জরুরি হয়ে পড়েছে। কিন্তু তিন সপ্তাহ ধরে তিনি পৌরসভায় ঘুরছেন। তাঁকে বলা হয়েছে, সার্ভার বন্ধ থাকায় জন্মনিবন্ধন কার্যক্রম আপাতত বন্ধ। কবে চালু হবে, কারও জানা নেই।

শহরের মালগ্রাম এলাকার বাসিন্দা সজীব মিয়া বলেন, সিঙ্গাপুর যাওয়ার যাওয়ার চেষ্টা করছেন। জাতীয় পরিচয়পত্রে বাবার নাম ভুল আছে। এ কারণে পাসপোর্ট ও ভিসার জন্য আবেদন করতে জন্মনিবন্ধন সনদ নিতে এক সপ্তাহ ধরে পৌরসভায় ধরনা দিচ্ছেন। কিন্তু সার্ভার বন্ধ থাকায় প্রতিদিনই ফেরত যেতে হচ্ছে।

সজীব মিয়া বলেন, ‘দালালের মাধ্যমে বিদেশ যাওয়া ম্যালা কঠিন? সার্ভার ডাউন, সেডা কি আর দালাল বুঝবি? জমি বেচে দালালের হাতত তিন লাখ টেকা দিয়ে বুকডা ধক ধক করিচ্চে। পাসপোর্ট, ভিসা না হলে দালাল বিদেশ পাঠাপার পারবি না। পাসপোর্ট ভিসার জন্যি জন্মনিবন্ধন সনদ লাগবি। কিন্তু পৌরসভা থ্যাকে জন্মনিবন্ধনই পাচ্চি না।’

বগুড়া পৌরসভার জন্মনিবন্ধন সনদ শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ বছরের কম শিশুদের জন্য ২৫ টাকা আর তদূর্ধ্বদের জন্য ৫০ টাকা জন্মনিবন্ধন ফি নির্ধারণ করা আছে। কিন্তু তিন সপ্তাহের বেশি সময় ধরে অনলাইনে জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ।

বগুড়া পৌরসভায় জন্মনিবন্ধন শাখায় দায়িত্বপ্রাপ্ত (স্বাস্থ্য সহকারী) কামরুজ্জামান সোহেল প্রথম আলোকে বলেন, সারা দেশে জন্মনিবন্ধন সার্ভার নিয়ন্ত্রণ করা হয় ঢাকায় রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে। সফটওয়্যার আপগ্রেড কার্যক্রম চলার কারণে জুলাই মাসের শুরু থেকেই সার্ভারে সমস্যা দেখা দিয়েছে।

২০ জুলাই পর্যন্ত মাঝেমধ্যে দিনে এক-দুবার সার্ভার প্রবেশ করে দুয়েকটি জন্মনিবন্ধন সনদের কাজ করা সম্ভব হয়েছে। ২০ জুলাইয়ের পর সার্ভার পুরোপুরি বন্ধ রয়েছে। এ কারণে জন্মনিবন্ধন কার্যক্রমও বন্ধ রয়েছে। কবে সার্ভার চালু হবে, তা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে মাঠপর্যায়ে কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি। তাই কবে সমস্যার সমাধান হবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।

বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বলেন, গত মাসের প্রথম দিকে ধীরগতিতে বিচ্ছিন্নভাবে সার্ভার খুললেও তিন সপ্তাহ ধরে সার্ভার পুরোপুরি বন্ধ রয়েছে। এতে নতুন জন্মনিবন্ধন সনদ নেওয়া, জন্মনিবন্ধনের সংশোধন কার্যক্রমসহ এ–সংক্রান্ত সব রকমের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।