পতেঙ্গার জেলেপল্লি লন্ডভন্ড

পতেঙ্গা জেলেপল্লির লক্ষ্মী দাস। তাঁর মতো অনেকেই ঘূর্ণিঝড় সিত্রাংয়ে হারিয়েছেন সহায়সম্বল
ছবি: প্রণব বল

লক্ষ্মী দাস পতেঙ্গা বেড়িবাঁধের পাশে বসে অঝোর ধারায় কাঁদছিলেন। দুই ছোট ছোট ছেলে পাশে অভুক্ত বসে ম্লান মুখে সাগরের দিকে তাকিয়ে আছে। জাল, ড্রাম, কিছু হাঁড়ি-পাতিল পাহারা দিচ্ছে মা-ছেলে মিলে।

আজ দুপুর ১২টায় লক্ষ্মী বলেন, ‘সোমবার রাত ১০টার দিকে ঘর পানিতে তলিয়ে যায়। এর আগে বাতাসে ছালা উড়ে যায়। টাকা ছিল লাখখানেক। মাছ বিক্রির টাকা। ওটা আর পাইনি। প্রাণ নিয়ে এক কাপড়ে বের হয়ে এসেছি। ছেলেদের সকাল থেকে দুটি বিস্কুট দিয়েছি। আর কিছু খায়নি। তাদের বাবা ডুবে যাওয়া ঘরে টাকাগুলো কোনোভাবে পায় কি না, দেখতে গেছে।’

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার রাতে এভাবে ছিন্নভিন্ন হয়ে যায় পতেঙ্গা আকমল আলী মৎস্যঘাট-সংলগ্ন জেলেপল্লিটি। দুই শতাধিক ঘর ছিল এখানে। কিন্তু সব কটি ছিল বেড়িবাঁধের বাইরে, সাগরের দিকে। ফলে দমকা বাতাস আর তীব্র জলোচ্ছ্বাসে মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় কাঁচা ঘরের জেলেপল্লিটি।

বাসিন্দারা জানান, রাত ৯টা থেকে পানি বাড়তে থাকে। দমকা বাতাসও হয় তখন। তখনো ৬ নম্বর সতর্কসংকেত চলে। এরপর সংকেত ৭ করা হয়। তখনো বাসিন্দারা ঘর ছেড়ে যায়নি। সবাই ঘরের জিনিসপত্র বাঁচাতে চেষ্টা করছিল।

বাসিন্দাদের বেশি নষ্ট হয়েছে জাল। এ ছাড়া নগদ টাকা, তৈজসপত্র, কাপড়চোপড় ভেসে গেছে পানিতে।

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পতেঙ্গার জেলেপল্লি

সীমা দাস নামের এক গৃহবধূ বাঁধের ওপর জাল আর ড্রাম পাহারা দিচ্ছিলেন। তিনি বলেন, ‘দুটি জাল উদ্ধার করতে পেরেছি। বাকিগুলো আনা যায়নি। কোনোরকমে ঘর থেকে পানি ভেঙে বের হয়ে এসেছি। আমরা এখন কী খাব, কোথায় থাকব, জানি না। দিশেহারা আমরা।’

জানা গেছে, রাতে বাতাস ও জোয়ারের পানি বাড়তে থাকলে স্থানীয় লোকজন ঘর থেকে প্রথমে প্রয়োজনীয় জিনিসপত্র বের করার চেষ্টা করে। কিন্তু পানি দ্রুত বাড়তে থাকলে কেউ কেউ প্রাণ নিয়ে বের হয়ে আসে। তবে অনেকে তখনো জেলেপল্লির ভেতর পানিতে অবস্থান করে প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছিল। পরে রাত ১২টার দিকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে তাদের সেখান থেকে বের করে আনা হয়। আড়াই হাজার বাসিন্দাকে তাঁরা বের করে আনেন।
সুবাস দাস বলেন, ‘আমরা সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। ১০ নম্বর সংকেতের সময়ও এমন পানি হয়নি। ১০ বছর ধরে এখানে আছি। কষ্টেসৃষ্টে চলছিলাম। এখন ঘরটাসহ সাগরে তলিয়ে যাচ্ছে। এখন কীভাবে চলব, জানি না। জালটাও বের করতে পারিনি।’

ঘূর্ণিঝড়ে দুমড়েমুচড়ে গেছে ঘর

ইমাম আলী নামের এক মৎস্যজীবী বলেন, তাঁর দেড় লাখ টাকার জাল আর ঘরের জিনিসপত্র তলিয়ে গেছে। এখন বউ-ছেলে নিয়ে কোথায় থাকবেন, তা নিয়ে চিন্তিত তিনি।

শুধু ঘর নয়, পাশে থাকা দোকানও ঝড়ের তোড়ে ভেঙে গেছে। এ ঘাটে মাছ তুলে দোকানগুলোতে সংরক্ষণ করা হতো।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী বলেন, ঝড়ের কারণে চট্টগ্রাম নগরসহ পুরো চট্টগ্রামে ৯ হাজার ৮৫০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭ উপজেলার ৬৬টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়। ত্রাণসহায়তা দেওয়া হবে তাঁদের।