
বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নে স্থানীয় এক যুবদল নেতার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। গতকাল রোববার গভীর রাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মাদ্রা গ্রামে মো. আলীমুজ্জামান রানার বাড়িতে আগুন লাগে। আগুনে তাঁর বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক। আলীমুজ্জামান বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তাঁর অভিযোগ, স্থানীয়ভাবে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে। তারাই এই আগুন দিয়েছে।
আলীমুজ্জামান বলেন, ‘রোববার রাতের খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত এসে আমার বাড়িতে ঢুকে কাঠ ও টিনশেডের বসতঘরের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুনের ধোঁয়ায় সবার ঘুম ভেঙে যায়। তখন আমরা জীবন বাঁচাতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। মুহূর্তেই আগুন ঘরে চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। ততক্ষণে আমার বসতঘর ও রান্নাঘর পুড়ে যায়। আগুনে টিভি, ফ্রিজ, আসবাব, বিভিন্ন মালামালসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।’
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেছেন, আগুনে ঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। আলীমুজ্জামানের সঙ্গে স্থানীয়দের আধিপত্য নিয়ে বিরোধ পুরোনো। তিনি অভিযোগ করেছেন, তাঁর প্রতিপক্ষ বাড়িতে আগুন দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। স্থানীয়দের আধিপত্য নিয়ে ভোটের পরের রাতে এবং সকালে মাদ্রা গ্রামে পাল্টাপাল্টি হামলায় জামায়াত ও বিএনপির নেতা–কর্মীর অন্তত ১৫টি বসতবাড়ি ভাঙচুর ও তছনছ করা হয়।