মুন্সিগঞ্জে রশি ছিঁড়ে চারতলা থেকে পড়ে দুই রংমিস্ত্রির মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ওষুধশিল্প পার্কের একটি ভবনে রং করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে দুই রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল নয়টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের খোকন খানের ছেলে মো. শহীদ (২৫) ও একই গ্রামের আবুল মাতব্বরের ছেলে আবদুস সোবাহান (২০)।

প্রত্যক্ষদর্শী শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অবস্থিত ওষুধশিল্প পার্কের ভেতরে একমি গ্রুপের নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনে রঙের কাজ চলছিল। আজ সকালে ভবনটির চতুর্থ তলায় বাইরের দিকে রশিতে ঝুলে রঙের কাজ করছিলেন শহীদ ও সোবাহান নামের দুই রংমিস্ত্রি। ছাদের ওপর থেকে তাঁদের সহযোগিতা করছিলেন আরেক শ্রমিক। সকাল নয়টার দিকে কাজ করা অবস্থায় রশি ছিঁড়ে শহীদ ও সোবাহান নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরশাদ কবির বলেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁরা মারা যান। খুব উঁচু থেকে পড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী প্রথম আলোকে বলেন, হাসপাতালের মাধ্যমে ঘটনাটি তাঁদের জানানো হয়। রশি ছিঁড়ে ওপর থেকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে তাঁরা জেনেছেন। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।