সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে জামালপুরে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয়
সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে জামালপুরে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয়

জামালপুরে বোমাসদৃশ বস্তুর খবরে আতঙ্ক, পরে করা হয় নিষ্ক্রিয়

জামালপুর শহরের ব্যস্ততম রেলওয়ে ওভারপাসের ওপর পড়ে ছিল লাল টেপে মোড়ানো তারযুক্ত একটি বোমাসদৃশ বস্তু। সেটিকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে। বন্ধ করে দেওয়া হয় ওভারপাসের ওপর দিয়ে যান চলাচল।

পরে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয়। এরপর ওভারপাসে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে এক ব্যক্তি রেলওয়ে ওভারপাস দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পাশে বস্তুটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় ওই সড়কে যান চলাচল।

খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বোমাসদৃশ বস্তুটি কে বা কারা সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের একাধিক দল তদন্ত করছে।
নাজমুস সাকিব, ওসি, জামালপুর সদর থানা

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ওভারপাসের এক পাশে পড়ে থাকা বস্তুটির গায়ে লাল টেপ প্যাঁচানো ছিল। এর সঙ্গে তারও যুক্ত ছিল। বস্তুটির ওপর ‘বিপজ্জনক’ লেখা ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে যান জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, ‘জামালপুরের মানুষ ও প্রশাসন আতঙ্কের মধ্যে ছিল। বস্তুটি নিষ্ক্রিয় করা হয়েছে। গত কয়েক দিন সারা দেশে রাজনৈতিকভাবে আতঙ্ক সৃষ্টি করতে পতিত ফ্যাসিবাদের দোসররা নানাভাবে ষড়যন্ত্র করছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা মনে করি, এই বোমাসদৃশ বস্তু সেই ষড়যন্ত্রেরই একটি অংশ।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বোমাসদৃশ বস্তুটি কে বা কারা সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের একাধিক দল তদন্ত করছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।