
মুন্সিগঞ্জের শহরে নয়াপাড়ায় এলাকায় পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের ক্যাপ দিয়ে তৈরি করা হয়েছে সরস্বতী পূজার মণ্ডপ ও মণ্ডপে প্রবেশের ছয়টি দৃষ্টিনন্দন ফটক। আর প্রতিমা তৈরি করা হয়েছে সাগুদানা ও কালিজিরা দিয়ে। ওই এলাকার নয়াপাড়া নবীন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা প্রায় এক লাখ ক্যাপ দিয়ে দৃষ্টিনন্দন ও ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেছেন।
ব্যতিক্রমী এ আয়োজন দেখতে জেলা শহর ও আশপাশের জেলা থেকে ভিড় জমাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। এর আগেও সংগঠনটি বাদামের খোসা, কফির কাপ, ধান-চাল, ককশিটসহ বিভিন্ন সামগ্রী দিয়ে প্রতিমা ও মণ্ডপ তৈরি করে বেশ সারা ফেলে জেলাজুড়ে। নান্দনিক এসব কাজ দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছিল দর্শনার্থীরা।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক লোকনাথ দাস প্রথম আলোকে বলেন, ‘আমাদের এখানে যাঁরা পূজা দিতে আসেন, সব সময় তাঁদের ব্যতিক্রম কিছু দেখানোর চেষ্টা করি। এবারসহ ১৩ বছর ধরে এমন উদ্যোগ আমাদের। এরই ধারাবাহিকতায় এবার আমরা জেলার বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের প্রায় এক লাখ ক্যাপ সংগ্রহ করি। দিনের বেলায় চাকরি, ব্যবসা ও অন্যান্য কাজ শেষে সন্ধ্যায় সংগঠনের সবাই একত্র হই। রাত ১০টা পর্যন্ত সবাই একযোগে গেট, মণ্ডপ, প্রতিমা বানানোর কাজ শুরু করি। ৩০ জন সদস্যের ব্যক্তিগত ২ লাখ টাকায় প্রায় দুই মাসে স্বেচ্ছাশ্রমে গেট, মণ্ডপ, প্রতিমা তৈরি করি। সাগুদানা এবং কালিজিরা দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা।’
আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নয়াপাড়া এলাকার প্রবেশদ্বারে বিশাল নান্দনিক এক ফটক। পূজামণ্ডপে যেতে এমন আরও পাঁচটি ফটক চোখে পড়ে। এসব ফটক থেকে শুরু করে মণ্ডপ সবকিছুইতেই দৃষ্টিনন্দন কারুকাজ করা হয়েছে বোতলের ক্যাপ দিয়ে। ককশিটের ওপর ধাপে ধাপে ক্যাপ লাগিয়ে এগুলো তৈরি করা হয়েছে, যা কাছ থেকে গভীর দৃষ্টি দিয়ে না দেখলে কারও পক্ষে বোঝার উপায় নেই। নান্দিক এ কারুকাজ দেখতে দূরদূরান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা।
কনিকা রানি দাস নামে এক দর্শনার্থী বলেন, ‘প্রত্যেক বছরই নবীন সংঘ একটা ব্যতিক্রমী চমক দিয়ে সরস্বতী পূজার আয়োজন করে। পূজা এবং এমন আয়োজন দেখতে পরিবারের সব সদস্যদের নিয়ে প্রতিবছর এখানে আসি।’ নারায়ণগঞ্জ এলাকার রাখি দাস বলেন, বোতলের ক্যাপ দিয়ে পূজার এমন আয়োজন কল্পনাও করা যায় না। সংগঠনটির সদস্যরা যে চমক দেখিয়েছে সত্যিই অভাবনীয়।
কোনো পেশাদার শিল্পী দিয়ে নয়, সবকিছুই তৈরি করেছেন আয়োজক সংঘের সদস্যরা। মণ্ডপের উচ্চতা ১৪ ফুট আর প্রতিমার দৈর্ঘ্য ৬ ফুট।
সংগীতশিল্পী মুন্সিগঞ্জ থিয়েটার সার্কেলের যুগ্ম সম্পাদক সুদিপ দাস দ্বীপ বলেন, ‘প্রতিবছর নবীন সংঘের চমক দেখার অপেক্ষায় থাকি। সংগঠনটির কেউ পেশাদার কারু শিল্পী নয়। এর পরও তাঁরা যেভাবে গেট, মণ্ডপ, প্রতিমা তৈরি করেছে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’
সংগঠনটির সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস জানান, ‘প্রথম দিকে আমাদের আয়োজন ছিল শুধু শখের বসে। এখন এ আয়োজন নিজেদের শখ ও দায়িত্ববোধ থেকে করে যাচ্ছি। মানুষের ভালোবাসা পাচ্ছি। গত বছর বাদামের খোসার মণ্ডপ দেখতে ভারত থেকেও দর্শনার্থীরা এসেছিলেন। যত দিন আমরা আছি ব্যতিক্রম এ আয়োজন চালিয়ে যাব।’