৪ কোটি ৫২ লাখ ৪৯ হাজার ৫১৬ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে এলজিইডি। গার্ডার ঢালাইয়ের সময় নষ্ট ছিল ভাইব্রেটর।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের পুরহরি-আমোদাবাদ-চানপুর সড়কে নির্মাণাধীন একটি পাকা সেতুর গার্ডার ঢালাইয়ে ত্রুটির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, গত সোমবার রাতে সেতুর একটি গার্ডার ঢালাইয়ের সময় মিশ্রণ গার্ডারের নিচ পর্যন্ত পৌঁছায়নি।
এলজিইডির নান্দাইল উপজেলা প্রকৌশলী মো. শাহাবো রহমান বলেন, গার্ডারের জন্য নির্ধারিত একটি পরীক্ষা আছে। নির্দিষ্ট সময় পর পর ওই পরীক্ষা উতরাতে পারলেই গার্ডারটি সেতুর জন্য ত্রুটিমুক্ত বলা যাবে। অন্যথায় গার্ডারটি ভেঙে ফেলা হতে পারে।
এলজিইডির উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ৪ কোটি ৫২ লাখ ৪৯ হাজার ৫১৬ টাকা ব্যয়ে ৪৫ মিটার দৈর্ঘ্যের ওই সেতু নির্মাণ করছে এলজিইডি। সেতুটির নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে জামালপুরের মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ। তবে গত দুই দিন প্রকল্প এলাকায় ঘুরে ঠিকাদারের সাক্ষাৎ পাওয়া যায়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে সেতুটির কাজ তদারকি করেন মো. খলিলুর রহমান। তিনি বলেন, গত বুধবার এলজিইডির একটি ঊর্ধ্বতন পরামর্শক দল গার্ডারটি পরিদর্শন করে গেছে। তবে গার্ডারের ত্রুটির বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না বলে জানান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সোমবার রাতে সেতুর গার্ডার ঢালাই করা হয়। পরের দিন গ্রামের লোকজন সেতুর কিনারা ঘেঁষে তৈরি করা কাঠের পাটাতন দিয়ে নরসুন্দা নদী পারাপারের সময় সাটারিংয়ে টোকা দিয়ে বুঝতে পারেন, গার্ডারের নিচের অংশে ঢালাইয়ের মিশ্রণ ঠিকমতো পৌঁছায়নি। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রকৌশলী বলেন, ভবনের ক্ষেত্রে যেমন বিম গুরুত্বপূর্ণ, তেমনি সেতুর জন্য গার্ডার গুরুত্বপূর্ণ। মূলত সেতুর ওপর দিয়ে চলাচলকারী গাড়ি বা অন্যান্য পরিবহনের ভার সামাল দেওয়াই গার্ডারের কাজ। এটাতে ত্রুটি থাকলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
প্রকৌশলী মো. শাহাবো রহমান বলেন, তিনি একজন সহকারীকে নিয়ে সোমবার সারা রাত ঘটনাস্থলে উপস্থিত থেকে ঢালাইয়ের কাজ তদারকি করেন। গার্ডারে গ্রামবাসীর ত্রুটির অভিযোগ স্বীকার করে তিনি বলেন, ওই সময় ভাইব্রেটর মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। ফলে গার্ডারের ওই অংশে যখন ঢালাইয়ের মিশ্রণ ফেলা হয়, তখন ভাইব্রেটর ব্যবহার করা যায়নি। এ জন্য হয়তো গার্ডারের নিচের কিছু অংশে মিশ্রণ পৌঁছায়নি। ওই জায়গায় সিমেন্টের গ্রাউটিং ফেলে খালি জায়গাটি পূরণ করে দেওয়া হবে। গার্ডারটি যানবাহনসহ পুরো সেতুর ভার বহনে সক্ষম হবে কি না, তা পরীক্ষার পর বলা যাবে।
সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় ঢালাইয়ের সময় ভাইব্রেটর মেশিন নষ্ট হওয়ার বিষয়ে শাহাবো রহমান বলেন, পাঁচবার তাঁদের মেশিন নষ্ট হয়েছে। রাত হওয়ায় মেশিনটি মেরামত করা সম্ভব হয়নি। এ ছাড়া ঠিকাদারের কেনা রেডি মিক্সের একাধিক ট্রাক প্রস্তুত থাকায় কাজও বিলম্বিত করা যাচ্ছিল না।