রেলিংয়ে উঠে সেলফি তুলতে গিয়ে সড়কে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

সৈকত হোসেন
ছবি: সংগৃহীত

শিক্ষাসফরে গিয়ে আর বাড়িতে ফেরা হলো না সাতক্ষীরার দশম শ্রেণির ছাত্র সৈকত হোসেনের (১৬)। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ফরিদপুর উপজেলার ভাঙ্গা উপজেলা গোলচত্বরের রেলিং থেকে সড়কের ওপরে পড়ে সৈকতের মৃত্যু হয়।

সৈকত হোসেন সাতক্ষীরার বল্লি মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের গফফার মোড়েলের ছেলে।

বল্লি মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ২০০ শিক্ষার্থীকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষাসফরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা গোলচত্বর পরিদর্শন করার জন্য বিরতি দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিলুর রহমান বলেন, ভাঙ্গা গোলচত্বরে কিছু সময় কাটানোর পর আবার সাতক্ষীরায় ফেরার পরিকল্পনা ছিল। গতকাল রাত আটটার দিকে তাঁরা ভাঙ্গা গোলচত্বরে পৌঁছান। আগে থেকেই শিক্ষার্থীদের বলা ছিল, নির্দেশনা ছাড়া কেউ বাস থেকে নামবে না। তবে দশম শ্রেণির ছাত্র সৈকত সবার অগোচরে বাস থেকে বের হয়ে গোলচত্বরের রেলিংয়ের ওপরে উঠে সেলফি তুলছিল। এ সময় ভারসাম্য রাখতে না পেরে রেলিংয়ের ওপর থেকে নিচে সড়কের ওপরে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় সে। তৎক্ষণাৎ সৈকতকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে ফরিদুরপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সৈকতের মৃত্যু হয়।

সৈকত হোসেনের বোন তানিয়া খাতুন বলেন, শিক্ষাসফরে যাওয়ার আগে তাঁর ভাই বলেছিল, ‘আপা আমি যাচ্ছি। সবাই থাকবে তুই চিন্তা করিসনে। কোথাও যাওয়া হয় না, সুযোগ হয়েছে, ঘুরে আসি।’

প্রধান শিক্ষক জামিলুর রহমান বলেন, আজ শুক্রবার জুমার নামাজের পর বিদ্যালয় মাঠে সৈকতের জানাজা অনুষ্ঠিত হবে। পরে আগড়াখোলা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।