মরদেহ
মরদেহ

অভয়নগরে বাগানে পড়ে ছিল এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ

যশোরের অভয়নগরে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে পুলিশ তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।

নিহত বাহারুল মল্লিক (৪৫) উপজেলার রানাগাতী গ্রামের আবদুল হাকিম মল্লিকের ছেলে।

পুলিশ জানায়, বাহারুল মল্লিক নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সদস্য ছিলেন। ১৬ থেকে ১৭ বছর ধরে তিনি বাড়িতে থাকতেন না। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাঁকে হত্যা করা হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

স্থানীয় কয়েক ব্যক্তি জানান, আজ সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের আবদুর রশিদের বাগানে এক ব্যক্তির মরদেহ পড়ে ছিল। মরদেহের গলার বাঁ পাশে থুতনির নিচে গুলির চিহ্ন ছিল। তাঁর ডান হাঁটু দিয়ে রক্ত বের হচ্ছিল। গ্রামের কয়েক ব্যক্তি মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এরপর দুপুর ১২টার দিকে অভয়নগর থানা এবং উপজেলার বাশুয়াড়ী পুলিশ ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, বাহারুল মল্লিকের গলার বাঁ পাশে থুতনির নিচে একটি গুলির চিহ্ন রয়েছে। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে।

শেখ লুৎফর রহমান আজ দুপুরে জানান, বাহারুল মল্লিক নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সদস্য ছিলেন। অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাঁকে হত্যা করা হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।