মুন্সিগঞ্জে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ এক নারীর মৃত্যু

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কক্ষে থাকা মালামাল ভস্মীভূত হয়। শনিবার সকালে মুন্সিগঞ্জের সদর উপজেলা পরিষদ-সংলগ্ন ইদ্রাকপুর এলাকায়
ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় পাঁচতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ সাহিদা বেগম (৬৫) মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

এ অগ্নিকাণ্ডে সাহিদার ছেলে মো. রিজভী আহমেদ (৪৫), রিজভীর আড়াই বছরের ছেলে মো. রাইয়ান আহমেদ ও স্ত্রী রোজী বেগমও (৩০) অগ্নিদগ্ধ হন। তাঁরা তিনজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। রিজভী মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলের কর্মকর্তা।

রিজভীর সহকর্মী মুন্সিগঞ্জ মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, ‘যতটুকু আমরা জানতে পেরেছি, নিহত শাহিদা বেগমের শরীরের অধিকাংশ দগ্ধ ছিল। চার ঘণ্টা সময় নিয়ে তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। তবে শেষ পর্যন্ত সন্ধ্যায় তিনি মারা গেছেন। অন্যরা এখনো চিকিৎসাধীন আছেন।’

অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হন। পরিবারটি ওই ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটের ভাড়াটে।

ইদ্রাকপুর এলাকার ওই পাঁচতলা ভবনটি সদর উপজেলা পরিষদ-সংলগ্ন। আজ সকাল সাড়ে ছয়টার দিকে ওই ভবনের পঞ্চম তলায় বিস্ফোরণসহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হন। পরিবারটি ওই ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটের ভাড়াটে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে বিকট শব্দ শুনে এলাকার মানুষ বাইরে বের হয়ে দেখেন, নতুন ওই আবাসিক ভবনের পঞ্চম তলায় আগুন জ্বলছে। চারদিকে মানুষের চিৎকার-আহাজারি শুরু হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস প্রথম আলোকে বলেন, সকাল সাতটার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে বয়স্ক এক নারীর অবস্থা গুরুতর ছিল। এ ছাড়া অন্যরা দগ্ধ ছিলেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলমকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি করেছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্তে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।