
দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় হত্যার শিকার কিশোর ইয়াছিনের (১৪) লাশ নিয়ে আজ বুধবার দুপুরে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী।
নিহত ইয়াছিন ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। এ ঘটনায় আজ বুধবার সকালে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০–১২ জনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় একটি মামলা করেন ইয়াসিনের মা আম্বিয়া বেগম। এতে প্রধান অভিযুক্তের বয়স ১৮ উল্লেখ করা হলেও পরিবার ও স্থানীয় বাসিন্দারা বলছেন, অভিযুক্ত কিশোর বয়সী এবং ঘটনার পর থেকে সে পলাতক।
স্বজনদের অভিযোগ, গতকাল মঙ্গলবার সকালে এলাকার একটি গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে অভিযুক্ত ওই কিশোরের সঙ্গে আরেকজনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর শুরু করে অভিযুক্ত কিশোর। এ সময় অভিযুক্ত কিশোরের কাছে গিয়ে মারধরের কারণ জানতে চায় ইয়াসিন। একপর্যায়ে হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ইয়াছিনের মাথায় কয়েকটি আঘাত করে অভিযুক্ত কিশোর।
পরে গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল দুপুরে তার মৃত্যু হয়। মামলার বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। আসামিদের ধরতে অভিযান চলছে।’