
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো উপজেলার মাইজবাগ বাজারে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ওঠার সময় পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেছেন দলটির নেতা-কর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। এ সময় জ্বালানি তেল, ভোজ্যতেল, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় পুলিশ গুলি করে দলের দুই নেতাকে হত্যার প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিংয়েরও প্রতিবাদ জানানো হয়।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মাইজবাগ পাছপাড়া উচ্চবিদ্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ওঠার সময় পুলিশ বাধা দেয়। মিছিলটি সামনে এগোতে না পেরে বিদ্যালয়ে কাছেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি হোসেন মোহাম্মদ মণ্ডল, মো. শাহজাহান কবীর, শাহজাহান জয়পুরী, সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী টিপু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সহসভাপতি সালাউদ্দিন খুররম, সাধারণ সম্পাদক নূরে আলম জিকু প্রমুখ।
বক্তারা কেন্দ্রীয় বিএনপি ঘোষিত আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার প্রস্তুতি নিতে বলেন।
বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা প্রদানের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান প্রথম আলোকে বলেন, বিশৃঙ্খলা এড়াতে মিছিলটি মহাসড়কে যেতে দেওয়া হয়নি। তবে দলটির নেতারা বিদ্যালয়ের সামনে সড়কে সমাবেশ করেছেন।